যমুনা সেতুর পশ্চিমপাড়ে বাস-দুর্ঘটনায় তিন প্রাণ ঝরল
ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিমপাড় নলকা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাসের চালক ও হেলপারসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১১টার দিকে মহাসড়কের নলকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী বুশরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস যমুনা সেতুর পশ্চিমপাড় এলাকায় পৌঁছালে হঠাৎ বাসটির একটি চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি দ্রুতগতিতে আইল্যান্ড ও ওভারব্রিজের মাঝখানে সজোরে ধাক্কা লেগে আটকে যায়। দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলেই বাসের চালক ও হেলপারের মৃত্যু হয়। পরে গুরুতর আহত এক যাত্রীকে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
যমুনা সেতুর ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু করা হয়। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনায় আহত এক যাত্রী জানান, হঠাৎ বিকট শব্দে বাসের চাকা ফেটে যায়। এরপরই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রচণ্ড ঝাঁকুনিতে সামনে ধাক্কা খায়। আমরা অনেকেই সিট থেকে ছিটকে পড়ি। চারদিকে চিৎকার আর আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি।
তিনি আরও বলেন, স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আমাদের উদ্ধার করে। অনেকেই গুরুতর আহত হয়েছেন।
এদিকে, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে ধীরগতি সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।





