ফরিদগঞ্জে বদরপুর আলিম মাদ্রাসায় শ্রেষ্ঠ শিক্ষক পুরস্কার ও সম্মাননা প্রদান
মোঃ সোহেল রানা, চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জে বদরপুর সিনিয়র আলিম মাদ্রাসায় কর্মদক্ষতা সততা ও দায়িত্বশীল ভূমিকা বজায় রাখাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ২ জন শিক্ষককে শ্রেষ্ঠ শিক্ষক পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়েছে। দাখিল পরীক্ষার্থীদের বিদায় ২০২৬ উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়।
বুধবার (১৫ এপ্রিল) সকাল ১১ টার দিকে মাদ্রাসার হলরুমে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এবার আদর্শ শিক্ষক সম্মাননা পুরস্কার পেয়েছেন দাখিল শাখার ভৌত বিজ্ঞান/রসায়নের সহকারী শিক্ষক মো: কামাল হোসেন ও ইবতেদায়ী শাখার ক্বারী শিক্ষিকা আকলিমা আক্তার।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও. মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া, বর্তমান এডহক কমিটির অভিভাবক সদস্য এমরান হোসেন সোহেল, শিক্ষক প্রতিনিধি মো: মতিউর রহমান ও সাবেক শিক্ষক রুহুল আমিন ছিদ্দিকীসহ প্রমুখ। আলিম শাখার শিক্ষক মাও. জিল্লুর রহমানের সঞ্চালনায় কুরআন তিলাওয়াত, হামদ ও নাত পরবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধনী কার্যক্রম শুরু করা হয়।
এসময় শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেন মাদ্রাসার কমিটির সদস্য, বর্তমান ও সাবেক শিক্ষকবৃন্দ।
পুরস্কার গ্রহণ শেষে অনুভূতি বক্তব্যে তারা বলেন, এ সম্মাননা আমাদের মধ্যে আরো বেশী কর্মস্পৃহা সৃষ্টি করবে। কাজের স্বীকৃতিস্বরুপ আমাদের পুরস্কৃত করায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এরকম আয়োজন আমাদের মধ্যে অনুপ্রেরণা উদ্দীপনা সৃষ্টি করেছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার মানেন্নয়নে নিজের কর্মদক্ষতার মাধ্যমে শিক্ষার্থীদের ভালো ফলাফল ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য যারা নিরলস পরিশ্রম করেছে বদরপুর আলিম মাদ্রাসা সকল শিক্ষকদের মধ্য হতে বাছাই করে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করে তাদের আজ মূল্যায়ন করেছে। আগামীতেও যারা ভালো করবে তারাও মূল্যায়িত হবে। এটা সত্যিই মহৎ কাজ। বদরপুর আলিম মাদ্রাসা এই ধারা অব্যাহত রাখবে বলে বিশ্বাস করি
এ বিষয়ে জানতে চাইলে বদরপুর আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও. মফিজুল ইসলাম বলেন, কমিটি ও শিক্ষক সমন্বয়ে সার্বিক বিবেচনায় দুই জন শিক্ষককে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচন করেছি। ধারাবাহিকভাবে প্রতিবছর এ কার্যক্রম অব্যাহত থাকবে। আগামীতে যারাই পেশাগত সততা, কর্মদক্ষতা বজায় রাখবে সবাইকে এ পুরস্কার ও সম্মাননার আওতায় আনা হবে।




