ভোলার বোরহানউদ্দিনে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেফতার, ইয়াবা-গাঁজা উদ্ধার
মোঃ রাফসান জানি, ভোলা
ভোলা জেলার বোরহানউদ্দিন থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২১ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫০ গ্রাম গাঁজা, নগদ ২,৮৫৫ টাকা এবং মাদক পরিমাপে ব্যবহৃত একটি ডিজিটাল মেশিনসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ মিডিয়া সেল, ভোলা সূত্রে জানা যায়, ২০ এপ্রিল ২০২৬ দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে বোরহানউদ্দিন থানার এসআই মোঃ মামুন হাওলাদার সঙ্গীয় ফোর্সসহ উপজেলার সাচড়া ইউনিয়নের রামকেশব এলাকার ৫ নম্বর ওয়ার্ডে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় মোঃ মাহবুবের বসতবাড়ির উত্তর পাশে গ্রামের কাঁচা রাস্তা থেকে মাদকসহ তাদের হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ লোকমান (৫০), মোঃ স্বপন (৩০), মোঃ মাহবুব (৩৪) ও মোসাঃ ইয়াছমিন (৩০)। তারা সবাই একই এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ১৬, তারিখ ২০ এপ্রিল ২০২৬; জি আর নম্বর ১০৭।
পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছারের দিকনির্দেশনায় বোরহানউদ্দিন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।





