সারাদেশ

১২ কোটি টাকার আধুনিক পৌর কাঁচাবাজার এখনও মাদকসেবীদের আড্ডাস্থল

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ শহরে প্রায় সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক পৌর কাঁচাবাজার উদ্বোধনের ৫ বছর পেরিয়ে গেলেও এখনো পুরোপুরি সচল হয়নি। বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত এই বহুতল বাজার ভবনটি বর্তমানে কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, অব্যবহৃত এই স্থাপনাটি এখন মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে।
শহরের শের-এ-বাংলা ফজলুল হক সড়কে অবস্থিত এই বাজারটি চারতলা ফাউন্ডেশনের ওপর নির্মিত দোতলা ভবন। ২০১৯ সালে নির্মাণকাজ শুরু হয়ে ২০২১ সালে শেষ হয়। এতে নিচতলায় মাছ, মাংস ও সবজির জন্য ১১৬টি ভিটা এবং ওপরতলায় ৭৮টি দোকান রয়েছে। আধুনিক অগ্নি নির্বাপণ ব্যবস্থা, সাবস্টেশন এবং শীতাতপ নিয়ন্ত্রিত মাংস বিক্রয় কেন্দ্রসহ নানা সুবিধা থাকলেও দীর্ঘদিন ব্যবহারের বাইরে থাকায় সেগুলো নষ্ট হওয়ার পথে।
বাজার প্রাঙ্গণে জমে থাকা আবর্জনা ও দুর্গন্ধে পরিবেশ দিন দিন অস্বাস্থ্যকর হয়ে উঠছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতের বেলায় সেখানে মাদকসেবীদের আনাগোনা বেড়ে যায়, যা জননিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তারা দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন।
বাজারটি সচল করতে একাধিকবার উদ্বোধন করা হলেও ব্যবসায়ীরা সেখানে স্থায়ীভাবে বসতে পারছেন না। ২০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত জামানত দিয়ে অনেকেই ভিটা ও দোকান বরাদ্দ নিয়েছেন। কিন্তু ক্রেতা না থাকায় অধিকাংশ দোকানই বন্ধ রয়েছে-বর্তমানে পুরো মার্কেটে মাত্র দুইটি দোকান খোলা রয়েছে।
ব্যবসায়ীদের অভিযোগ, পাশের পুরনো ‘বড় বাজার’ সচল থাকায় এবং পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো বাধ্যতামূলক নির্দেশনা না থাকায় ক্রেতারা নতুন বাজারে আসছেন না। ফলে লোকসানের আশঙ্কায় বরাদ্দ নেওয়া ব্যবসায়ীরাও দোকান খুলতে আগ্রহ হারাচ্ছেন।
এক ব্যবসায়ী বলেন, পৌরসভা বলেছিল দ্রুত বাজার চালু হবে, সেই আশায় ভিটা নিয়েছি। কিন্তু সারাদিনে একজন ক্রেতাও পাই না। এই অবস্থায় দোকান চালানো অসম্ভব।
এ বিষয়ে সিরাজগঞ্জ পৌরসভার সচিব রফিকুল ইসলাম জানান, নাগরিক সেবা নিশ্চিত করতে খুব দ্রুতই বাজারটি পূর্ণাঙ্গভাবে চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
এদিকে, সাধারণ মানুষের দাবি-সরকারি অর্থের অপচয় রোধ এবং জনস্বার্থে দ্রুত সবজি ও মাছের বাজার এই আধুনিক ভবনে স্থানান্তর করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,