সাতক্ষীরায় মন্ত্রীর স্বাক্ষর জাল করে সরকারী জমি লিজ নেওয়ার চেষ্টা,আটক ২
- মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা ::
পানি সম্পদ মন্ত্রীর ভুয়া সীল ও সই জাল করে পানি উন্নয়ন বোর্ডের জমি লিজ নেওয়ার চেষ্টার অভিযোগে সাতক্ষীরায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকালে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর কার্যালয় থেকে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এরপর রাতে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কালিগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের মো. মোস্তাফিজুর রহমান (৩৫) এবং দেবহাটা উপজেলার কামটা গ্রামের আব্দুর রহিম (৪২)।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা একটি প্রতারক চক্রের সদস্য। তারা পরস্পর যোগসাজশে সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর ভুয়া সীল তৈরি করে এবং তার সই জাল করে পানি উন্নয়ন বোর্ডের জমি লিজ নেওয়ার জন্য আবেদন করে। বিষয়টি সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলীর নজরে এলে তিনি সই নিয়ে সন্দেহ প্রকাশ করেন। পরে যাচাই করে দেখা যায়, সইটি সংশ্লিষ্ট মন্ত্রীর নয়।
বুধবার বিকালে আসামিরা নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে গিয়ে তাদের আবেদনের বিষয়ে ব্যবস্থা নিতে চাপ সৃষ্টি ও প্রভাব বিস্তারের চেষ্টা করে। এ সময় নির্বাহী প্রকৌশলী পুলিশে খবর দিলে সাতক্ষীরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেপ্তার করে।
এ ঘটনায় সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বাদী হয়ে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে রাতে সাতক্ষীরা থানায় একটি মামলা করেছেন।
সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাসুদুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জালিয়াতির বিষয়টি স্বীকার করেছেন। প্রতারক চক্রটি সরকারি গুরুত্বপূর্ণ পদের অপব্যবহার করে সুবিধা নেওয়ার চেষ্টা করছিল। দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।





