স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৬ (সিজন-০২) লাভ করেছে আমাদের সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ
স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৬ (সিজন-০২) লাভ করেছে
আমাদের সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এবং
চেয়ারম্যান দিদারুল ইকবাল (S21DAL)
আসসালামু আলাইকুম/নমস্কার/আদাব
আমি মো. আরিফুল ইসলাম,
জাতীয় ও আন্তর্জাতিক একাধিক পুরস্কারপ্রাপ্ত বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- সিরাজগঞ্জ জেলা ইউনিট, সিরাজগঞ্জ- এর সভাপতি।
আজকের অনুষ্ঠানের আয়োজক স্টার বাংলাদেশ মিডিয়া ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, উপস্থিত সকল অতিথি, অ্যাওয়ার্ডপ্রাপ্ত সকল গুণীজন এবং উপস্থিত অন্যান্য সুধিজন আপনাদের সকলকে আমাদের সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি।
শুরুতেই আমি স্টার বাংলাদেশ মিডিয়া এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টামন্ডলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ-কে ‘শ্রেষ্ঠ কর্মমূখর রেডিও শ্রোতাক্লাব’ এবং আমাদের ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL)-কে ‘খ্যাতিমান রেডিও ডিএক্সার ও মানবাধিকার কর্মী’ ক্যাটাগরিতে স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৬ (সিজন-০২)-এর জন্য মনোনীত কারায়।
সম্মানিত উপস্থিতি,
আমাদের সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ হলো রেডিও শ্রোতা, রেডিও কর্মী এবং গণমাধ্যম কর্মীদের একটি অলাভজনক আন্তর্জাতিক রেডিও গবেষণা, তথ্য ও সংস্কৃতি বিনিময়, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন। ১৯৯৭ সালের ১লা অক্টোবর থেকে সংগঠনটি রেডিও, শ্রোতা ও সমাজের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
ক্লাবের সদস্যবৃন্দ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন রেডিও স্টেশন থেকে প্রচারিত নানাবিধ অনুষ্ঠান শুনে এবং সেই অনুষ্ঠানের গুণগত মান সম্পর্কে সংশ্লিষ্ট রেডিও স্টেশন কর্তৃপক্ষকে চিঠি, ই-মেইল, মোবাইল এসএমএস, হোয়াটসঅ্যাপ, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক/ইনস্টাগ্রাম/এক্স, ইউটিউব ইত্যাদি মাধ্যমে ফিডব্যাক/মতামত দিয়ে সহযোগিতা করার পাশাপাশি রেডিও ফ্রিকোয়েন্সির রিসেপশন রিপোর্ট প্রেরণ এবং নতুন নতুন আইডিয়া লিখে সহযোগিতা করে থাকেন।
রেডিও শ্রবণের পাশাপাশি ক্লাব সদস্যবৃন্দ রেডিও থেকে প্রাপ্ত বহুবিধ তথ্য সমাজের উন্নয়নে কাজে লাগাতে প্রতিনিয়ত নানা অনুষ্ঠানের আয়োজন করে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সমাজের তৃণমূলের অনগ্রসর ও তথ্য থেকে বঞ্চিত জনগোষ্ঠির মাঝে সেবা পৌঁছে দেন। এতে যদি একজন মানুষেরও জীবনে ইতিবাচক পরির্বত আসে তবে ক্লাব ও এর সদস্যদের স্বেচ্ছাশ্রমের উদ্দেশ্য সফল এবং স্বার্থক হবে।
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ সমাজে জনসচেতনতা বৃদ্ধিতে বাল্যবিবাহ, মাদক, নারী ও শিশু সুরক্ষা, জলবায়ু, দুর্যোগ, বৃক্ষরোপণ, প্রকৃতি ও পরিবেশ, স্বাস্থ্য ইত্যাদি বিষয়ে আলোচনা সভা, উঠান বৈঠক, কর্মশালা, প্রদর্শনী, প্রচারপত্র বিতরণের মাধ্যমে সমাজের অনগ্রসর মানুষের মাঝে তথ্য ছড়িয়ে দিয়ে যাচ্ছে।
আমাদের ক্লাব ত্রাণ ও ঔষধ বিতরণ, রক্তদান, শিক্ষা সামগ্রী বিতরণ, সেলাই মেশিন বিতরণ, রেডিও বিতরণ, বিনোদন, খেলাধুলা ইত্যাদি সামাজিক বিষয় নিয়ে অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে নিরলস চেষ্টা করে যাচ্ছে। যা স্থানীয় সম্প্রদায়কে সংগঠিত করে, সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করে, তাদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনে এবং গুরুত্বপূর্ণ সামাজিক ইস্যুতে তাদের অংশগ্রহণের সুযোগ করে দেয়।
এখানে বিশেষ ভাবে উল্লেখ্য যে, বর্তমানে ক্লাবের পক্ষ থেকে একজন ক্ষুদ্র নৃগোষ্ঠী (মণিপুরি)’র হতদরিদ্র মেয়ে শিক্ষার্থীর সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজে পড়াশোনার সকল খরচ এবং একজন চা শ্রমিক জনগোষ্ঠীর দরিদ্র ছেলে শিক্ষার্থীর সিলেট ল’ কলেজে এলএলবি পড়াশোনার খরচের দায়িত্ব চলমান রয়েছে। আশাকরা যায় তারা দু’জনে তাদের শিক্ষা কার্যক্রম সাফল্যের সাথে সম্পন্ন করে চিকিৎসা ও আইন পেশায় নিজেদের প্রতিষ্ঠিত করবে এবং মানব কল্যাণে তাদের সেবামূলক ও মানবিক অবদান রাখবে।
রেডিও শুনে সেই তথ্য মানবকল্যাণে যথাযথ ব্যবহার করায় সামাজিক ও মানবিক কাজের স্বীকৃতিস্বরূপ আমাদের ক্লাব ইতিমধ্যে আন্তর্জাতিক পর্যায়ে ইন্দোনেশিয়া, চীন, ফিলিপাইন এবং ভারত থেকে অ্যাওয়ার্ড লাভ করেছে।
প্রিয় উপস্থিতি,
আমাদের সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রেডিও এক্টিভিস্ট মোহাম্মদ দিদারুল আলম, যিনি মিডিয়ায় দিদারুল ইকবাল নামে বহুল পরিচিত, তার কলসাইন: S21DAL- সিয়েরা টু ওয়ান ডেল্টা আলফা লিমা। বাংলাদেশে হাতে গণা যেকয়জন রেডিও ডিএক্সার রয়েছেন তাদের মধ্যে তিনি অনন্য। তিনি রেডিও ডিএক্সীং করে বহু আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন, এমনকি রেডিওর আমন্ত্রণে ইন্দোনেশিয়া, চীন, ফিলিপাইন, ভারত ভ্রমণ করার গৌরব অর্জন করেছেন। রেডিও জগতে তিনি ডিএক্সীং হিরো। রেডিও জগতে তার যে অর্জন বাংলাদেশে আর দ্বিতীয়টি নেই। পেশাগত জীবনে তিনি একজন সমাজকর্মী, মানবাধিকারকর্মী, রেডিও এক্টিভিস্ট এবং সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি বিশেষ করে শিশু অধিকার ও তাদের সুরক্ষা নিয়ে দীর্ঘ বছর ধরে কাজ করে যাচ্ছেন।
পেশাগত কারণে তিনি এখন সিলেটে অবস্থান করছেন। তিনি আজকের অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজ হাতে অ্যাওয়ার্ড গ্রহণের কথা ছিলো। কিন্তু হঠাৎ করে গতকাল শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) সকালে তিনি শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়লে সিলেটে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। যার কারণে তিনি আজকে (২৫ এপ্রিল ২০২৬, শনিবার) উপস্থিত হতে পারেননি। তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে উঠেন তার জন্য আপনাদের কাছে দোয়া চাই।
আমি আবারো স্টার বাংলাদেশ মিডিয়া এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই আমাদের সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশকে ‘শ্রেষ্ঠ কর্মমূখর রেডিও শ্রোতাক্লাব’ এবং আমাদের ক্লাব চেয়ারম্যান দিদারুল ইকবাল (S21DAL)-কে ‘খ্যাতিমান রেডিও ডিএক্সার ও মানবাধিকার কর্মী’ ক্যাটাগরিতে স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান করায়।
সবাইকে শুভেচ্ছা।




