পিরোজপুরের হাসান শিকদার ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের জিয়ানগর উপজেলার কালাইয়া গ্রামের মো. হাসান শিকদার ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।
সম্প্রতি ঘোষিত ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের কমিটিতে তাকে এই গুরুত্বপূর্ণ পদে মনোনীত করা হয়। তার এ অর্জনে এলাকায় আনন্দের পরিবেশ বিরাজ করছে। স্থানীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা আশা প্রকাশ করেছেন, তিনি তার যোগ্য নেতৃত্ব ও দক্ষতার মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
উপজেলার কালাইয়া গ্রামের সুলতান শিকদারের পুত্র মো. হাসান শিকদার দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। এর আগে তিনি ঢাকা তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক ও সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।
পাশাপাশি ঢাকার রাজপথে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের সময় তার সাহসী ও সক্রিয় উপস্থিতি নেতাকর্মীদের মাঝে ব্যাপকভাবে প্রশংসিত হয়।
নবনির্বাচিত সহ-সভাপতি হাসান সিকদার তার প্রতিক্রিয়ায় বলেন, “আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞ, যারা আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। আমি আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করার চেষ্টা করবো। ছাত্রদলকে আরও শক্তিশালী ও গতিশীল সংগঠন হিসেবে গড়ে তুলতে আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো।”
তিনি আরও বলেন, “দল ও দেশের স্বার্থে অতীতের মতো আগামীতেও রাজপথে সক্রিয় থাকবো এবং গণতন্ত্র রক্ষায় আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখবো, ইনশাআল্লাহ।”
দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, হাসান শিকদারের নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর ছাত্রদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়ে উঠবে।





