সিরাজগঞ্জে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা
ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় দশম শ্রেণির এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হওয়া ওই ছাত্রীর কাছ থেকে একটি হাতে লেখা চিরকুট পাওয়ার পর ঘটনাটি নতুন মাত্রা পেয়েছে।
নিহত আন্নিছা মুনিয়া খাতুন (১৬) চান্দাইকোনা ইউনিয়নের পূর্বপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। তিনি শিক্ষক রইস উদ্দিনের মেয়ে।
পরিবার ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার (১ মে) সন্ধ্যায় পরিবারের সদস্যরা ঘরের ভেতর তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ঘটনার পর উদ্ধার হওয়া চিরকুটে মুনিয়া দাবি করেন, তিনি স্বেচ্ছায় আত্মহত্যা করেননি বরং ভয়ভীতি ও মানসিক চাপে তাকে এমন পরিণতির দিকে ঠেলে দেওয়া হয়েছে। চিরকুটে এক ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগও উঠে এসেছে।
এই চিরকুট সামনে আসার পর স্থানীয়দের মধ্যে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। অনেকের অভিযোগ, শুরুতে ঘটনাটি স্বাভাবিক আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করা হলেও এখন এটি পরিকল্পিতভাবে চাপ প্রয়োগের ফল হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, সোমবার (৪ মে) সকালে চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সহপাঠী ও এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্থানীয়ভাবে আরও অভিযোগ উঠেছে, চিরকুটটি প্রকাশ না করার জন্য প্রভাবশালী একটি মহল চাপ সৃষ্টি করেছিল। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে ক্ষোভ বাড়তে থাকে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন এখনও পাওয়া যায়নি। পরিবার মামলা করলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। উদ্ধার হওয়া চিরকুটটি পুলিশ হেফাজতে রয়েছে।
ঘটনাটি এখন তদন্তাধীন রয়েছে এবং এলাকাবাসীর নজর আইনশৃঙ্খলা বাহিনীর পরবর্তী পদক্ষেপের দিকে।




