ছাতকে জাউয়া বাজারে দু’গ্রামের দু’ঘন্টা ব্যাপী সংঘর্ষ, অর্ধশত আহত
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতক উপজেলার জাউয়াবাজারে দুই গ্রামবাসীর সংঘর্ষে সুনামগঞ্জ -১ আসনের নবনির্বাচিত এমপিসহ অর্ধশত আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭ঘটিকায় জাউয়াবাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় দু’ঘন্টা ব্যাপী এ সংঘর্ষ চলে।
স্থানীয় সুত্রে জানা গেছে, ক্ষিদ্রাকাপ্ন গ্রামের বাসিন্দা, সাবেক চেয়ারম্যান আখলুছ মিয়ার একখন্ড জমি ক্রয় করেন, জাউয়া কোনাপাড়া গ্রামের মোহাম্মদ আলী বংকু। প্রায় এক বছর আগে জমি ক্রয় করলেও কিন্তু এ পর্যন্ত জমি রেজিষ্ট্রি করা হয়নি। এ নিয়ে গত বৃহস্পতিবার ২ পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এনিয়ে আখলুছ মিয়ার লোকজন জাউয়াবাজারে মোহাম্মদ আলী বংকুর উপর হামলা করে। এ ঘটনায় রাতে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। পুলিশ ও স্থানীয় মুরুব্বিরা সংঘর্ষ নিয়ন্ত্রণ করেন।
শুক্রবার সন্ধ্যায় জাউয়া কোনাপাড়া গ্রামের মোহাম্মদ আলী বংকুর লোকজন খিদ্রা কাপন গ্রামের আখলুছ মিয়ার পক্ষের তার সহোদর আকমল হোসেন সহ লোকজনের উপর হামলা করেছে। ওই হামলার ঘটনার পর আবারো দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। সংঘর্ষের সময় সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
সিলেট থেকে সুনামগঞ্জ যাওয়ার পথে, সুনামগঞ্জ- ১, আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল ঘটনাস্থলে নেমে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন। বর্তমান অবস্থায় এলাকার পরিস্থিতি শান্ত বলে জানিয়েছেন, ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান।





