আমানত ফেরতের আল্টিমেটাম দিল পেশাজীবি পরিষদ
চট্টগ্রাম প্রতিনিধি
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ, চট্টগ্রাম গভীর উদ্বেগের সঙ্গে জানাচ্ছে যে, দেশের পাঁচটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকরা দীর্ঘদিন ধরে নিজেদের জমানো অর্থ উত্তোলন করতে পারছেন না। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।
ইতিপূর্বে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ধাপে ধাপে গ্রাহকদের অর্থ পরিশোধের ঘোষণা দেওয়া হলেও চট্টগ্রামে তার কার্যকর বাস্তবায়ন না হওয়ায় সংগঠনের নেতৃবৃন্দকে গভীরভাবে ব্যথিত করেছে।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ, চট্টগ্রামের আহ্বায়ক জাহিদুল করিম কচি ও সদস্য সচিব ডা. খুরশীদ জামিল চৌধুরী এক যৌথ বিবৃতিতে এসব তথ্য তুলে ধরেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ব্যাংকে জমানো অর্থ উত্তোলন করতে না পেরে অসংখ্য গ্রাহক চরম হতাশা ও মানবেতর জীবনযাপন করছেন। যারা ব্যাংকের অর্থ আত্মসাৎ করেছে, তাদের সম্পদ জব্দ করে তা বিক্রির মাধ্যমে দ্রুত গ্রাহকদের আমানত ফেরত দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এ লক্ষ্যে মাননীয় প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।
নেতৃবৃন্দ আরও বলেন, চলমান এই সংকট নিরসনে দ্রুত গ্রাহকদের সকল জমানো অর্থ ফেরত দেওয়ার নিশ্চয়তা দিতে হবে। অন্যথায় বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।





