চকরিয়ার চার স্কুলছাত্র নিখোঁজ, পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি,
আলফাজ মামুন নুরী
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া উপজেলার চার স্কুলশিক্ষার্থীকে মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, গত রোববার উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের দক্ষিণ সুরাজপুর এলাকা থেকে তাঁদের নিয়ে যাওয়া হয়। ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও শিক্ষার্থীদের সন্ধান মেলেনি। এদিকে অপহরণকারীরা পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে অভিযোগ করেছেন স্বজনেরা।
অপহৃত শিক্ষার্থীরা হলো,শাহারিয়ার কবির সোহাগ (১৪), মোহাম্মদ শহীদ হোসেন (১৪), মোহাম্মদ মাহিম (১৩) ও ইসাদুল হোছাইন ছামিম (১৫)। তারা সবাই কাকারা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। এর মধ্যে শহীদ হোসেন দশম শ্রেণির এবং বাকি তিনজন অষ্টম শ্রেণির ছাত্র।
এ ঘটনায় চার শিক্ষার্থীর অভিভাবক মোসলেম উদ্দিন, সাবের আহমেদ, আব্দুল হামিদ ও মোহাম্মদ আবছার চকরিয়া থানায় পৃথক অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, বান্দরবানের আলীকদম উপজেলার চৈক্ষ্যং গ্রামের মোহাম্মদ ইউসুফ ও তাঁর স্ত্রী তানিয়া বেগম দীর্ঘদিন ধরে স্বল্প খরচে মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে আসছিলেন। অভিযোগ রয়েছে, সেই প্রলোভনের ধারাবাহিকতায় গত রোববার সকাল আটটার দিকে তাঁরা চার শিক্ষার্থীকে বাড়ি থেকে ডেকে একটি ব্যক্তিগত গাড়িতে তুলে নিয়ে যান।
পরিবারের সদস্যরা জানান, পরে অজ্ঞাত স্থান থেকে ফোন করে অপহরণের বিষয়টি জানানো হয়। একই সঙ্গে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে শিক্ষার্থীদের হত্যা করে লাশ গুম করার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন স্বজনেরা।
অপহৃত শিক্ষার্থী মাহিমের বাবা সাবের আহমেদ বলেন, “প্রলোভন দেখিয়ে আমাদের সন্তানদের নিয়ে যাওয়া হয়েছে। পরে তাঁদের জিম্মি করে মুক্তিপণ দাবি করা হচ্ছে। অপহরণকারীরা আমাদের কাছে সন্তানদের ছবি পাঠিয়েছে। এতে আমরা নিশ্চিত হয়েছি, তারা এখনো জীবিত রয়েছে। দ্রুত তাদের উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”
চকরিয়া থানার পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। অপহৃত শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।





