সদরপুরে বীর মুক্তিযোদ্ধা ছালাম মিয়ার ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
শিমুল তালুকদার, সদরপুর থেকে
ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ছালাম মিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার (৮ জুন) সকাল ৯টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৮২) বছর। তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের মৃত নফেল মিয়ার পুত্র।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সোমবার বাদ আসর মরহুমের নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা অনুষ্ঠিত হয়। গার্ড অব অনার প্রদান শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধার শেষ বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন ও সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন শাহ্। এছাড়া স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মরহুমের আত্মীয়-স্বজনরা জানাজায় অংশ নেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
বীর মুক্তিযোদ্ধা ছালাম মিয়ার মৃত্যুতে স্থানীয় প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা কমান্ড ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।





