“যে হাতে কলম মানায়, সে হাতে নয় মাদকের ছোঁয়া”
জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
মাদক, বাল্যবিবাহ, কিশোর অপরাধ ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন, দায়িত্বশীল এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে রংপুরের তারাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ডাঙ্গিরহাট স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আয়োজিত এক সচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, সামাজিক অপরাধ প্রতিরোধ এবং নৈতিক শিক্ষার প্রসারের লক্ষ্যে আয়োজিত এ সভায় শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মাদকমুক্ত সমাজ গঠন, বাল্যবিবাহ প্রতিরোধ, কিশোর অপরাধ দমন, মোবাইল আসক্তির ক্ষতিকর প্রভাব এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. রুহুল আমিন বলেন, “মাদক শুধু একজন ব্যক্তির জীবনকে ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্যও মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। তাই শিক্ষার্থীদের এখন থেকেই মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন হতে হবে এবং যেকোনো ধরনের মাদক থেকে নিজেদের দূরে রাখতে হবে।”
তিনি আরও বলেন, “বর্তমান সময়ে কিশোর অপরাধ একটি উদ্বেগজনক সামাজিক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। অনেক সময় খারাপ সঙ্গ, অসচেতনতা ও পারিবারিক নজরদারির অভাবে মেধাবী শিক্ষার্থীরাও বিপথগামী হয়ে পড়ে। তাই বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং এমন কোনো কর্মকাণ্ডে জড়ানো যাবে না, যা নিজের, পরিবারের কিংবা সমাজের জন্য ক্ষতির কারণ হতে পারে।”
বাল্যবিবাহের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তিনি বলেন, “অল্প বয়সে বিয়ে শিক্ষাজীবন ব্যাহত করে এবং ভবিষ্যৎকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়। বিশেষ করে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি পায়, তাদের স্বপ্ন ও সম্ভাবনার পথ সংকুচিত হয়ে যায়। বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থী, অভিভাবক এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে।”
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “পড়ালেখাই জীবনের মূল ভিত্তি। মোবাইল আসক্তি, মাদক, অপরাধ, সামাজিক অবক্ষয় এবং অনাকাঙ্ক্ষিত সম্পর্ক থেকে দূরে থেকে মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের সৎ, আদর্শবান, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন সামাজিক সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক প্রতিরোধ এবং ব্যক্তিগত জীবন গঠনের বিষয়ে প্রশ্ন করলে ওসি মো. রুহুল আমিন বিস্তারিত উত্তর দেন। তিনি শিক্ষার্থীদের জীবন গঠনে শিক্ষা, নৈতিকতা, শৃঙ্খলা, সামাজিক দায়বদ্ধতা এবং পারিবারিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন।
সভায় উপস্থিত শিক্ষকবৃন্দ ও অতিথিরা এ ধরনের সচেতনতামূলক আয়োজনকে সময়োপযোগী ও ফলপ্রসূ উল্লেখ করে শিক্ষার্থীদের সুস্থ, সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ গঠনে এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় ডাঙ্গিরহাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




