আগস্টেই চলবে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন
সাব্বির আহমেদ, স্টাফ রিপোর্টার (পাবনা)
আগামী আগস্ট মাস থেকেই পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলবে বলে ঘোষণা দিয়েছেন রেলপথ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। আজ শনিবার দুপুরে পাবনা সার্কিট হাউসে জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ প্রতিশ্রুতি দেন।
শেখ রবিউল আলম বলেন, ‘চলতি বছরের আগস্টে দুইটি রুটে নতুন করে ট্রেন চলাচল শুরু হবে। এর মধ্যে প্রথমে চালু হবে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন। পরে চলাচল শুরু হবে ঢাকা-খুলনা সরাসরি ট্রেন। ইতিমধ্যে লোকোমোটিভ প্রস্তুত রয়েছে। দ্রুতই নতুন কোচ আসবে।
কাজীরহাট ফেরিঘাট স্থানান্তর প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘এটি বাস্তবায়নের জন্য প্রাথমিক পর্যায়ে যেসব কার্যক্রম থাকে, সেটি চলছে। ফিজিবিলিটি স্টাডি, ডিপিপি প্রণয়ন করা হয়েছে। এটি যেহেতু পাবনাবাসীর দাবি, এ ছাড়া এখানে বৃহত্তর বা জনস্বার্থ রয়েছে। ফলে বর্তমান সরকার দ্রুততম সময়ে এই প্রকল্প বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।
পরিবহন খাতে শৃঙ্খলা ফেরানো প্রসঙ্গে সড়কমন্ত্রী বলেন, ‘একে অপরের প্রতিপক্ষ হয়ে নয় বরং মালিক-শ্রমিকদের সাথে নিয়ে সমন্বিত উদ্যোগে পরিবহন সেক্টরে শৃঙ্খলা আনা হবে। এখানে কোনো বিশেষ শ্রেণিকে লালন করা হবে না, প্রাধান্য পাবে কেবলই জনস্বার্থ।
এ সময় মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মন্ডল, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা প্রমুখ।





