বাল্যবিবাহ প্রতিরোধে পাইকগাছায় ২২ শিক্ষার্থীকে চেক প্রদান
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
বাল্যবিবাহ প্রতিরোধ ও কিশোরীদের শিক্ষা অব্যাহত রাখতে পাইকগাছায় ২২ জন শিক্ষার্থীকে চেক প্রদান করা হয়েছে। একই সঙ্গে ২০০ জন শিক্ষার্থীর মাঝে গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
বুধবার (২৪ জুন) উপজেলা বিআরডিবি হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
জানা যায়, বাল্যবিবাহ প্রতিরোধ কর্মসূচির আওতায় সংশ্লিষ্ট শিক্ষার্থীরা বিআরডিবির মাধ্যমে পাঁচ বছর মেয়াদি সঞ্চয় প্রকল্পে ১০ হাজার টাকা জমা রাখে। ১৮ বছর বয়স পূর্ণ হওয়ার পর সরকারের পক্ষ থেকে অতিরিক্ত ২০ হাজার টাকা যোগ করে মোট ৩০ হাজার টাকা এককালীন প্রদান করা হয়।
এ বছর উপজেলার ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয় ও কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের ২২ জন শিক্ষার্থী এ সুবিধার আওতায় চেক গ্রহণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা ওয়াহিদ মুরাদ। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিআরডিবির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন এবং শিক্ষার প্রসারে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করতে সরকারের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





