“টেলিকম দোকানের আড়ালে অনলাইন ক্যাসিনো ও ভিসা জালিয়াতির আসর, ডিবির অভিযানে যুবক গ্রেপ্তার”
জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর বিশেষ অভিযানে অনলাইন ক্যাসিনো পরিচালনা ও ভিসা জালিয়াতির অভিযোগে আল ফরহাদ ইসলাম পাভেল (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন এবং বিভিন্ন দেশের জাল ভিসার হার্ড কপি জব্দ করা হয়।
শুক্রবার (২৬ জুন) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে উপজেলার কুর্শা ইউনিয়নের ‘ভাই ভাই টেলিকম’ নামের একটি দোকানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার আল ফরহাদ ইসলাম পাভেল দীর্ঘদিন ধরে ওই দোকানকে কেন্দ্র করে অনলাইন ক্যাসিনো পরিচালনা, ভিসা জালিয়াতি এবং বিভিন্ন ধরনের সাইবারভিত্তিক প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে।
রংপুর জেলা পুলিশ সূত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়। জব্দ করা মোবাইল ফোনে অনলাইন জুয়ার বিভিন্ন অ্যাপ ও লেনদেনসংক্রান্ত তথ্য এবং ভিসা জালিয়াতির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক ডিজিটাল তথ্য-উপাত্ত পাওয়া গেছে বলে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়াও উদ্ধার করা জাল ভিসার হার্ড কপিগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর প্রস্তুতি চলছে।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত অনলাইন ক্যাসিনো পরিচালনা ও ভিসা জালিয়াতির সঙ্গে নিজের সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এসব তথ্য যাচাই-বাছাই করে চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, “অনলাইন ক্যাসিনো, সাইবার অপরাধ ও ভিসা জালিয়াতির মতো অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। প্রযুক্তিনির্ভর অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। অপরাধীদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।”
এ ঘটনায় সাইবার সুরক্ষা আইন -এর সংশ্লিষ্ট ধারায় তারাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আল ফরহাদ ইসলাম পাভেলকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার হওয়া আলামত ও ডিজিটাল তথ্য বিশ্লেষণের মাধ্যমে পুরো চক্রের কার্যক্রম উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।




