মুন্সিগঞ্জে হযরত ছদর ছাহেব রহ.-এর জীবন, কর্ম ও অবদান নিয়ে কনফারেন্স অনুষ্ঠিত
টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:
বাংলার প্রখ্যাত আলেম, সমাজ সংস্কারক ও দ্বীনি শিক্ষার অন্যতম পথিকৃৎ হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরী (ছদর ছাহেব রহ.)-এর জীবন, কর্ম, অবদান ও আদর্শ নিয়ে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে এক আলোচনা ও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
গত ৭ নভেম্বর শনিবার সকাল ৯টায় টঙ্গিবাড়ী উপজেলার কামারখাড়া, জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম মিতারা মাদরাসা প্রাঙ্গণে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত আলেম-উলামা, শিক্ষাবিদ, ভক্ত-অনুরাগী, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৫০০ মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুহাম্মদ সালমান (দা.বা.), তরজুমানে হযরত ছদর ছাহেব হুজুর রহ.-এর প্রতিনিধি ও মাদরাসা দারুর রাশাদ, মিরপুর, ঢাকার প্রিন্সিপাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা শেখ আজিমুদ্দিন (দা.বা.) ও হযরত মাওলানা ইয়াহইয়া সিদ্দিকী (হাফেজ জাহাঙ্গীর) (দা.বা.)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতি হাফিজ উদ্দিন (দা.বা.), পীর সাহেব, দীঘিরপাড়, মুন্সিগঞ্জ।
এ সময় উপস্থিত ছিলেন মাওলানা মানসুরুল হক, আলফালাহ বয়স্ক মকতব, তেজগাঁও; মুফতি নজরুল ইসলাম রহমানী, খতিব, আহসান মঞ্জিল নবাব বাড়ি জামে মসজিদ; মাওলানা আব্দুর রব, শায়খুল হাদীস, জামিয়া হোসাইনিয়া ফয়জুল উলূম, মউ, দুর্গাপুর, নেত্রকোনা; মুফতি নাসির সাহেব, মুহতামিম, জামিয়া আজিজিয়া দারুল উলুম, দেওভোগ, মুন্সিগঞ্জ; মাওলানা ইসমাঈল, মাওলানা শরীফ আনিসুর রহমান, গোপালগঞ্জ; মাওলানা মাহমুদুল হক ফরিদপুরী, মাদারীপুর; মাওলানা এমদাদ বিন ছায়েনুদ্দিন, মাওলানা সাইফুল ইসলামসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত আলেম-উলামা ও দ্বীন দরদী ব্যক্তিবর্গ।
এছাড়াও স্থানীয় আলেম-উলামা, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ মজিবুর রহমান সরদার, হাফেজ বশির আহমাদসহ অনেকে।
আলোচনায় বক্তারা বলেন, হযরত ছদর ছাহেব রহ. ছিলেন উপমহাদেশের দ্বীনি অঙ্গনের এক অনন্য ব্যক্তিত্ব। ইলমে দ্বীন প্রচার, ইসলাহে উম্মত, আত্মশুদ্ধি, সমাজ সংস্কার ও মানবকল্যাণে তাঁর অবদান চিরস্মরণীয়। তাঁর জীবনাদর্শ ও চিন্তা-চেতনা নতুন প্রজন্মের সামনে তুলে ধরা এবং তাঁর রেখে যাওয়া দ্বীনি ও সংস্কারমূলক মিশনকে এগিয়ে নেওয়া সময়ের গুরুত্বপূর্ণ দাবি।
কনফারেন্সে হযরত ছদর ছাহেব রহ.-এর জীবনাদর্শ, চিন্তা-চেতনা ও মিশন দেশব্যাপী বাস্তবায়নের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে রাজধানী ঢাকায় একটি অফিস প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়। বক্তারা এ উদ্যোগকে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ ও লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি অচিরেই ঢাকায় একটি জাতীয় কনফারেন্স আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন উপস্থিত আলেম-উলামা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মুফতি মুস্তাফিজুর রহমান নোমানী, মুহতামিম, মিতারা আশরাফুল উলুম মাদরাসা, মুন্সিগঞ্জ। কনফারেন্সটি আয়োজন করে আহবাবে হযরত ছদর ছাহেব হুজুর রহ.।




