সারাদেশ

শাহরাস্তিতে গৃহবধূ মিম হত্যা: গ্রেপ্তার আসামির দৃষ্টান্তমূলক শাস্তি ও অন্যদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

এইচ এ বাবলু ॥

চাঁদপুরের শাহরাস্তিতে গৃহবধূ রিগান আক্তার মিম হত্যা মামলায় গ্রেপ্তার আসামি কাজী সুমাইয়া হোসেন মিনার দৃষ্টান্তমূলক শাস্তি এবং ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ করা অন্যদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নিহতের স্বজন ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

মানববন্ধনে নিহত রিগান আক্তার মিমের দুই শিশু সন্তান, পরিবারের সদস্য, স্বজন, স্থানীয় বাসিন্দাসহ সহস্রাধিক মানুষ অংশ নেন। এ সময় তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, ঘটনার সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় আনা এবং দ্রুত বিচার নিশ্চিত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে বক্তব্য দেন নিহতের বাবা মো. কবির হোসেন, চাচাতো ভাই মো. গোলাম কিবরিয়া, দাদা শ্বশুর মো. আব্দুল হক, বাত্তলা গ্রামের মো. ফরহাদমো. জাকির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের ঘটনায় আরও দুই ব্যক্তি জড়িত থাকতে পারেন। তাদের দাবি, ঘটনার রাতে স্থানীয় লোকজন ওই দুজনকে এলাকা ছেড়ে চলে যেতে দেখেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িত সবাইকে আইনের আওতায় আনার আহ্বান জানান তারা।

এ সময় বক্তারা আরও অভিযোগ করেন, গ্রেপ্তার আসামি কাজী সুমাইয়া হোসেন মিনার জামিনের জন্য নিহতের শ্বশুরবাড়ির কয়েকজন সদস্য তৎপরতা চালাচ্ছেন। তারা মামলার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং কোনো ধরনের প্রভাবমুক্ত বিচার প্রক্রিয়া নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, গত ১৪ জুলাই দিবাগত রাতে শাহরাস্তি পৌরসভার বাত্তলা এলাকায় গৃহবধূ রিগান আক্তার মিম নিহত হন। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় নিহতের দেবরবধূ কাজী সুমাইয়া হোসেন মিনাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে। মামলার তদন্ত এখনও চলমান রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,