সারাদেশ

শাহরাস্তিতে জলাবদ্ধতায় পানিবন্দী দুই শতাধিক পরিবার, জনদুর্ভোগ চরমে

এইচ এ বাবলু ।।
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সুচিপাড়া উত্তর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শোরশাক এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতায় অন্তত দুই শতাধিক পরিবার পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ হয়ে যাওয়ায় এলাকার জনজীবন স্থবির হয়ে পড়েছে। ভুক্তভোগীরা দ্রুত স্থায়ী সমাধান এবং স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মুমিনুল হকের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
সরেজমিনে দেখা যায়, শোরশাক উত্তরপাড়া ইসলামি মডেল দাখিল মাদ্রাসার আশপাশের বিস্তীর্ণ এলাকা হাঁটুসমান পানিতে তলিয়ে রয়েছে। শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষকে ঝুঁকি নিয়ে পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে। এতে শিক্ষার্থীদের যাতায়াত ব্যাহত হওয়ার পাশাপাশি স্থানীয়দের স্বাভাবিক জীবনযাত্রাও মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, সরকারি হালট ও পানি নিষ্কাশনের পথ দখল করে মাছের ঘের নির্মাণ করায় স্বাভাবিক ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই পুরো এলাকা জলমগ্ন হয়ে যাচ্ছে।
৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য হাতেম আলী বলেন, “সরকারি পানি নিষ্কাশনের পথ দখল হওয়ার কারণেই এ দুর্ভোগ সৃষ্টি হয়েছে। দ্রুত রাস্তার পাশে ড্রেন নির্মাণ ও অবৈধ দখল উচ্ছেদ না করলে এ সমস্যার স্থায়ী সমাধান হবে না।”
স্থানীয় বাসিন্দা জাকিয়া আক্তার বলেন, “আমার ঘর সড়কের নিচু স্থানে হওয়ায় ঘরে পানি ঢুকে গেছে। প্রতিবন্ধী সন্তানকে নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছি। দ্রুত স্থায়ী সমাধান চাই।”
এলাকাবাসীর দাবি, বয়স্ক, অসুস্থ ও গর্ভবতী নারীরা সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন। জরুরি প্রয়োজনে তাদের হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়েছে।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, বিষয়টি একাধিকবার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। যাদের কারণে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং দ্রুত পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রশাসনের আশ্বাসে এলাকাবাসী কিছুটা আশাবাদী হলেও দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মুমিনুল হকের হস্তক্ষেপে দীর্ঘদিনের এই জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান চান তারা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,