জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ ডাকাত দলের তিন সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
বুধবার (৫ আগস্ট) বেলা ১২টা ৩০ মিনিটে জয়পুরহাট সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চকশ্যাম ব্রিজের পশ্চিম পাশে এক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন জয়পুরহাট শহরের পূর্ব ধানমন্ডি এলাকার মৃত আকবর আলীর ছেলে মোঃ সাইদুল ইসলাম (৩৮), গাইবান্ধার সাঘাটা উপজেলার মথরপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে মোঃ সুমন (৩০) এবং জয়পুরহাটের চকশ্যাম এলাকার মোঃ মোজাফফর হোসেনের ছেলে মোঃ রায়হান হোসেন (২৬)।
ডিবি পুলিশ জানায়, চকশ্যাম ব্রিজের পাশে একটি কলার বাগানে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পরে ঘটনাস্থল থেকে উল্লিখিত তিনজনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি তালা কাটার, একটি দেশীয় হাসুয়া, একটি বাঁশের লাঠি, একটি হেক্সো ব্লেড, ৪টি লোহার রড এবং ২৯.৪ ফুট লম্বা একটি প্লাস্টিকের রশি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক আসাদুজ্জামান জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরের পর আদালতে পাঠানো হবে।





