সিরাজগঞ্জে ১০৪ বোতল স্ক্যাফসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১০৪ বোতল ক্ষতিকারক মাদকদ্রব্য স্ক্যাফসহ মোছাঃ রাশেদা টুলু (৬৩) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে লিখিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মেজর তাবলীজ তাজওয়ার শরীফ ।
গতকাল ৫ আগস্ট (বুধবার) বিকেলে উল্লাপাড়া মডেল থানাধীন পাইকপাড়া মোড় এলাকার একটি চায়ের দোকানের সামনে কাঁচা-পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত রাশেদা টুলু পাবনা জেলার ঈশ্বরদী থানার গাঙমাতাল গ্রামের মৃত আয়নাল হকের স্ত্রী এবং মৃত মোকছেদ প্রামানিকের মেয়ে।
র্যাব-১২ এর ব্যাটালিয়ন সদর কোম্পানির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধিনায়ক র্যাব-১২ এর দিকনির্দেশনায় ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য স্ক্যাফ নিজের হেফাজতে রেখে সিরাজগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় কেনাবেচা করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।





