শাহরাস্তি পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ৪৬ কোটি ৬০ লাখ টাকার বাজেট ঘোষণা
এইচ এ বাবলু।।
চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৪৬ কোটি ৬০ লাখ ৬১ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (৬ আগস্ট) পৌরসভা কার্যালয়ে আয়োজিত বাজেট ঘোষণা সভায় পৌর প্রশাসক মনিরা খাতুনের সভাপতিত্বে হিসাবরক্ষণ কর্মকর্তা মসিউর রহমান বাজেট উপস্থাপন করেন।
ঘোষিত বাজেটে পৌরসভার মোট আয় ধরা হয়েছে ৪৬ কোটি ৬০ লাখ ৬১ হাজার টাকা এবং মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪৫ কোটি ৫৪ লাখ ৪০ হাজার টাকা। এর মধ্যে রাজস্ব আয় ১১ কোটি ১৫ লাখ ৭৪ হাজার টাকা এবং উন্নয়ন খাত থেকে আয় ধরা হয়েছে ৩৪ কোটি ৬৯ লাখ ৮৬ হাজার টাকা। উন্নয়ন ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩৪ কোটি ৩৭ লাখ টাকা। সব মিলিয়ে প্রস্তাবিত বাজেটে ১ কোটি ৬ লাখ ২১ হাজার টাকা উদ্বৃত্ত থাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত বক্তারা পৌর এলাকার বিভিন্ন নাগরিক সমস্যার কথা তুলে ধরে অব্যবস্থাপনা দূরীকরণ, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা, নিরাপদ বিশুদ্ধ পানি সরবরাহ এবং পর্যাপ্ত সড়কবাতি স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পৌরসভার সার্বিক সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে পৌরপ্রশাসক মনিরা খাতুন বলেন, “আমিও একজন পৌর নাগরিক। আপনাদের মতো আমিও পৌরসভার অনেক সেবা থেকে বঞ্চিত। শাহরাস্তি পৌরসভাটি আরও উন্নত হওয়ার প্রয়োজন ছিল। আমি যতদিন দায়িত্বে থাকব, পৌরবাসীর সমস্যাগুলো সমাধানে আন্তরিকভাবে কাজ করে যাব।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম, শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান, শাহরাস্তি প্রেস ক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল, সাংবাদিক মো. হানিফ মিয়াজী, যুবদল নেতা আলী আজগর মিয়াজী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, পৌরসভার প্রধান সহকারী নজরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।





