শাহরাস্তি প্রেসক্লাবের ইতিহাসে প্রথমবার দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ ‘আপনারা যা শিখতে পেরেছেন, তা সংবাদের মাধ্যমে দেখতে চাই’—ইউএনও মনিরা খাতুন
এইচ এ বাবলু।।
সাংবাদিকদের পেশাগত দক্ষতা, নৈতিকতা, অনুসন্ধানী সাংবাদিকতা, ফ্যাক্ট-চেকিং ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরের শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শাহরাস্তি প্রেসক্লাব প্রতিষ্ঠার পর ইতিহাসে প্রথমবারের মতো এ ধরনের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বুধবার (১২ আগস্ট ২০২৬) সকাল পৌনে ১০টায় শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করা হয়। শাহরাস্তি মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের পরিচালক ও প্রেসক্লাবের দাতা সদস্য ডা. আরিফ উল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন।
প্রশিক্ষণের প্রথম অধিবেশনে ‘সংবাদের উৎস, অনুসন্ধানী সাংবাদিকতার প্রয়োজনীয়তা ও সাংবাদিকতায় নৈতিকতা’ বিষয়ে প্রশিক্ষণ দেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটারিয়ান কাজী শাহাদাত, পিএইচএফ। এ সময় তিনি সাংবাদিকতার ক্ষেত্রে নিজের দীর্ঘদিনের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি শাহরাস্তি প্রেসক্লাবের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
এরপর ‘সংবাদ সংগ্রহ ও রিপোর্টিং’ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা। তিনি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও এমআরডিআই আয়োজিত Training of Trainers (TOT) প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিক।
দুপুর ১টায় ‘এআই ও ফ্যাক্ট-চেকিং’ বিষয়ে প্রাণবন্ত প্রশিক্ষণ দেন বুম বাংলাদেশের ফ্যাক্ট-চেকার ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মাস্টার ট্রেইনার তৈসিফ আকবর। প্রশিক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং তথ্যের সত্যতা যাচাইয়ের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
দুপুরের খাবারের বিরতির পর বেলা আড়াইটায় ‘মফস্বল সাংবাদিকদের ক্যারিয়ার প্ল্যান’ বিষয়ে প্রশিক্ষণ দেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর জ্যেষ্ঠ সহ-সম্পাদক মাহাবুর আলম সোহাগ।
দিনের শেষ প্রশিক্ষণ সেশনে ‘ডিজিটাল সাংবাদিকতার কলাকৌশল’ বিষয়ে প্রশিক্ষণ দেন আরটিভির ডিজিটাল কনটেন্ট ও মোবাইল জার্নালিজমের ইনচার্জ দেলোয়ার হোসেন। দিনব্যাপী প্রশিক্ষণে সংবাদ সংগ্রহ থেকে শুরু করে আধুনিক প্রযুক্তির ব্যবহার, তথ্য যাচাই ও ডিজিটাল প্ল্যাটফর্মে সাংবাদিকতার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়।
বিকেল ৫টায় প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন।
শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজলের সভাপতিত্বে এবং কার্যনির্বাহী সম্পাদক ফয়েজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে ইউএনও মনিরা খাতুন বলেন, “শাহরাস্তি প্রেসক্লাবের এ আয়োজন প্রশংসনীয়। বর্তমান সময়ে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি, আমরা আর ভুল তথ্য পাব না। এতে করে আমরা সবাই উপকৃত হব। আপনারা প্রশিক্ষণে যা শিখতে পেরেছেন, তা আপনাদের প্রকাশিত সংবাদের মাধ্যমে দেখতে চাই।”
তিনি আরও বলেন, দায়িত্বশীল সাংবাদিকতা সমাজে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার পাশাপাশি জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শাহরাস্তি প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রেসক্লাবের সাংবাদিকরা অংশগ্রহণ করেন। আয়োজকদের প্রত্যাশা, এ প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় সাংবাদিকদের পেশাগত দক্ষতা আরও সমৃদ্ধ হবে এবং শাহরাস্তি থেকে আরও মানসম্মত, বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সংবাদ পাঠকদের কাছে পৌঁছাবে।




