সারাদেশ

সিরাজগঞ্জে রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ বার্ষিক পরিদর্শন

ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ প্রতিনিধি:
রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ আগস্ট মাসে সিরাজগঞ্জ জেলা পুলিশের বার্ষিক পরিদর্শনে অংশ নিয়েছেন। এই সফরে তিনি কমিউনিটি পুলিশিং সভা, সাংস্কৃতিক সন্ধ্যা, বার্ষিক পরিদর্শন প্যারেড, রিজার্ভ অফিস, কল্যাণ সভা, আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় এবং ডিএসবি অফিস পরিদর্শন করেন।
১৯ আগস্ট সিরাজগঞ্জে পৌঁছালে জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সান্তু (বিপিএম-বার) ডিআইজি মো. আশিক সাঈদকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় ডিআইজির সহধর্মিণী ও পুনাক রাজশাহী রেঞ্জের সভানেত্রী মিসেস শামীম আরা হককেও পুনাক সিরাজগঞ্জের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
পরে সিরাজগঞ্জ সদর থানায় আয়োজিত কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডিআইজি। সভায় মাদক, সাইবার অপরাধ, কিশোর অপরাধ, নারী ও শিশু নির্যাতন, সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ-জনগণের পারস্পরিক আস্থা ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ডিআইজি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে পুলিশের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগ আরও জোরদার করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সান্তু। তিনি বলেন, সিরাজগঞ্জ জেলা পুলিশ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছে। কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও শক্তিশালী করতে তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
পরে ডিআইজি সিরাজগঞ্জ সদর থানার দ্বি-বার্ষিক পরিদর্শন করেন। এ সময় তিনি থানার সার্বিক কার্যক্রম, মামলা তদন্ত, নথিপত্র ও প্রশাসনিক ব্যবস্থাপনা পর্যালোচনা করেন এবং জনবান্ধব, পেশাদার ও সেবামুখী পুলিশিং নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সন্ধ্যায় পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন ডিআইজি। বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় পুলিশ সদস্য ও অতিথিদের মধ্যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।
২০ আগস্ট সকালে পুলিশ লাইন্সে জেলা পুলিশের বার্ষিক পরিদর্শন প্যারেডে সালামি গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন ডিআইজি মো. আশিক সাঈদ। পরে তিনি রিজার্ভ অফিস পরিদর্শন করে দাপ্তরিক কার্যক্রম, নথিপত্র ও প্রশাসনিক ব্যবস্থাপনা পর্যালোচনা করেন।
এরপর পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভায় পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন ডিআইজি। তিনি সততা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের ১৬ সদস্যকে ক্রেস্ট, সনদ ও অর্থ পুরস্কার দেওয়া হয়।
পরে জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আইন-শৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি নিয়ে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের ধরন ও প্রবণতা এবং অপরাধ নিয়ন্ত্রণে গৃহীত বিভিন্ন কার্যক্রমের ওপর প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
এ সময় ডিআইজি অপরাধ প্রতিরোধে গোয়েন্দা তথ্যভিত্তিক কার্যক্রম জোরদার, জননিরাপত্তা নিশ্চিত এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
সফরের শেষ কর্মসূচি হিসেবে ডিআইজি সিরাজগঞ্জ জেলা পুলিশের ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন করেন। তিনি ডিএসবি অফিসের সার্বিক কার্যক্রম, নথিপত্র ও দাপ্তরিক ব্যবস্থাপনা পর্যালোচনা করেন এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও যথাযথভাবে কাজে লাগানোর মাধ্যমে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করার প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
ডিআইজির এ বার্ষিক পরিদর্শনের মধ্য দিয়ে সিরাজগঞ্জ জেলা পুলিশের পেশাদারিত্ব, জনবান্ধব পুলিশিং, অপরাধ প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা ব্যবস্থাপনাকে আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পাওয়া গেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,