শাহরাস্তিতে পৃথক মাদকবিরোধী অভিযানে ১৬৪ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার
এইচ এ বাবলু: চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী পৃথক অভিযানে ১৬৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এর অংশ হিসেবে সোমবার (২৪ আগস্ট) রাতে উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের টামটা এলাকার মুন্সি গাজী পাটোয়ারী বাড়ির পশ্চিম পাশে ইট সলিং রাস্তার ওপর অভিযান চালায় পুলিশের একটি দল।
অভিযানে আব্দুর রাজ্জাক প্রকাশ অনিক (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি কৃষ্ণপুর (পাটোয়ারী বাড়ি) এলাকার মানিক হোসেনের ছেলে। এ সময় তার হেফাজত থেকে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তাকে গ্রেপ্তারের সময় অজ্ঞাতনামা আরও ২-৩ জন ব্যক্তি কৌশলে পালিয়ে যায়।
অন্যদিকে একই রাতে উপজেলার খেড়িহার এলাকায় জনৈক আব্দুর রহমানের টিনশেড বাড়ির সামনে অভিযান চালিয়ে মিঠুন চন্দ্র দাস (৩৪) ও সজীব চন্দ্র দাস (৩৪) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে মোট চার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুজনের বাড়ি ফেনী জেলার সোনাগাজী এলাকায় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে আরও জানা যায়, ১৬০ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি ও পলাতকদের বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। এ ঘটনায় এফআইআর নং-৩১, জিআর নং-২৭৪, তারিখ ২৫ আগস্ট ২০২৬। অপর মামলায় এফআইআর নং-৩০, জিআর নং-২৭৩, তারিখ ২৫ আগস্ট ২০২৬।
গ্রেপ্তার তিন আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।





