পাবনায় অস্ত্রোপচারের পর যক্ষ্মা আক্রান্ত ১২ রোগী: তদন্তে আইইডিসিআর
সাব্বির আহমেদ, স্টাফ রিপোর্টার (পাবনা)
পাবনার ফরিদপুর উপজেলায় একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের পর একাধিক রোগীর যক্ষ্মা (টিবি) রোগে আক্রান্ত হওয়ার কারণ অনুসন্ধানে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল তদন্ত শুরু করেছে।
আজ রোববার জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির (এনটিপি) পরিচালক ডা. মো. শাহরিয়ার সাজ্জাদের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দলটি যক্ষ্মায় আক্রান্ত ১২ রোগীর সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় নমুনাও সংগ্রহ করেছেন তারা।
ডা. সাজ্জাদ বলেন, ‘হঠাৎ এ রোগ ছড়ানোর কারণ ও তার তীব্রতা খতিয়ে দেখতে আমাদের অনুসন্ধান চলছে। আল-মদিনা ল্যাব অ্যান্ড হসপিটালের অস্ত্রোপচার কক্ষ (ওটি) ও ব্যবহৃত যন্ত্রপাতি পরীক্ষা-নিরীক্ষা করে সংক্রমণের মূল উৎস চিহ্নিত করার চেষ্টা চলছে।
গত আগস্টে হাসপাতালটিতে অস্ত্রোপচার করানো অন্তত ১২ রোগীর ক্ষতস্থানে যক্ষ্মা শনাক্ত হয়। তাদের অধিকাংশেরই সিজারিয়ান সেকশন করা হয়েছিল। অস্ত্রোপচারের পর ক্ষতস্থান না শুকানোর একপর্যায়ে পরীক্ষা-নিরীক্ষা করলে তাদের যক্ষ্মা শনাক্ত হয়।
বিষয়টি জানাজানি হলে গত ২৪ আগস্ট উপজেলা স্বাস্থ্য প্রশাসন হাসপাতালটির অস্ত্রোপচার কক্ষ সাময়িকভাবে সিলগালা করে দেয় ও একটি তদন্ত কমিটি গঠন করে।
ফরিদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাশেদুল হাসান শাওন জানান, আক্রান্ত ১২ জন রোগী বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন এবং স্বাস্থ্য বিভাগ তাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছে।
জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে আইইডিসিআরের এই প্রতিনিধি দল ফরিদপুরে পরিদর্শনে আসে।
আইইডিসিআর প্রতিনিধি দলের প্রধান ডা. সাজ্জাদ বলেন, ‘সংগৃহীত নমুনাগুলো ঢাকায় উচ্চতর পরীক্ষার জন্য পাঠানো হবে। পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে ঠিক কীভাবে এই সংক্রমণ ছড়ালো। সব ল্যাব পরীক্ষা শেষে আমরা একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করব, বলেন তিনি।



