সাতক্ষীরায় সরকারি নির্দেশ অমান্য করে ঘের লুটপাট ও অগ্নিসংযোগ
মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::
সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে সরকারি নির্দেশ অমান্য করে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাধ কেটে পিভিসি পাইপ স্থাপন মৎস্য ঘের লুটপাট ও ঘেরের আইলে বিভিন্ন ধরনের ফলজ গাছ কেটে সাবাড় করে দিয়েছে সন্ত্রাসীরা।গতকাল রোববার রাতে এ লুটপাটের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ঘের মালিক বাগডাঙ্গি গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে জয়নাল আবেদীন জানান, পৈত্রিক সুত্রে পাওয়া ৮ বিঘা জমিতে দীর্ঘ ৩০ বছরের অধিককাল তিনি একটি মৎস্য ঘের করে আসছেন। জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি আব্দুস সবুর বিভিন্ন সময় ঘেরটি দখল করার পায়তারা করছিলেন বলে তিনি দাবী করেন। তিনি আরও বলেন, আমাদের এলাকায় কোন জলাবদ্ধতা নেই।
জলাবদ্ধতার এই ঠুনকো অভিযোগে জামায়াত নেতা আব্দুস সবুর তার ভাইপো রুহুল আমিন, মোস্তাফিজুর রহমান, ও রুহুল কুদ্দুস, আব্দুর রাজ্জাক ও আবুল হোসেনের নেতৃত্বে রাতের আধারে আমার মৎস্য ঘেরে হামলা লুটপাট অগ্নিসংযোগ করে। তারা লুটপাট করে ক্ষ্যান্ত হয়নি ঘেরের আইলে থাকা আম গাছ, পেপে গাছসহ বিভিন্ন ফলজ গাছ কেটে সাবাড় করে দেয়। তারা সরকারি ওয়াবদার বেড়িবাধ স্কেবেটরমেশিন দিয়ে কেটে অবৈধ পাইপ স্থাপন করেছেন এবং মাটি দিয়ে ঢেকে দিয়েছেন। তারা প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। এসমসয় বাধা দিতে গেলে তারা খুন জখম করার হুমকি দেয়।
জয়নাল আবেদীন আরো জানান, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া গত ৪ অক্টোবর তারিখে উক্ত স্থানে যাতে কেউ কালভার্ট নির্মাণ, পিভিসি পাইপ নির্মাণের ফলে কোন ব্যক্তি বা জনসাধারণ কোন ক্ষতি না হয় তার জন্য নির্দেশ দিয়েছিলেন। কিন্তু জামায়াত নেতা সরকারি নির্দেশ অমান্য করে রাতের আধারে ঘের লুটপাট ও প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে।
স্থানীয় বাসিন্দা ওমর ফারুখ বলেন, আমরা রাতের আধারে এমন লুটপাট কখনও দেখিনি। আমার ভাই ঘেরের মাছগুলো ধরে নিতে চেয়েছিল কিন্তু তারা সে সুযোগ দেয়নি। আমার ভাইয়ের সারা জীবনের অর্জন তারা এক রাতেই শেষ করে দিয়েছে। আমার ভাই এখন এক প্রকার নি:স্ব হয়ে গেছে। আমার ভাইয়ের মৎস্য ঘের যারা লুটপাট অগ্নিসংযোগ করেছে প্রশাসনের কাছে আমাদের দাবী তাদেরকে দৃষ্টান্তমুলক শাস্তি দেওয়া হোক।
জামায়াত নেতা আব্দুস সবুর বলেন, আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম কিন্তু কারা লুটপাট করেছে তা আমি জানি না। আমি ঘটনাস্থল থেকে চলে আসলে পরবর্তীতে কারা কি করেছে তা আমি বলতে পারবো না।





