ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
মোঃ সোহেল রানা :
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী গৃদকালিন্দিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুদি গলিতে আগুনে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে এবং পাশের তিনটি দোকানের আংশিক ক্ষতিগ্রস্ত অর্ধকোটি টাকার সম্পদ ভস্মীভূত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের ১২ জনের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাব্যাপী টানা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার দিকে ‘শহীদ সু স্টোর’ নামক জুতার দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের ভয়াবহ লেলিহান শিখা পার্শ্ববর্তী ‘আদর্শ ফার্মেসিতে ছড়িয়ে পড়ে। একে একে তা পাশের মনিরের মুদি দোকান ও মাইনউদ্দিনের মুদি দোকানকে গ্রাস করে ফেলে। এ ছাড়া অগ্নিকাণ্ডে পার্শ্ববর্তী রফিকের মুদি দোকান, নেছার আহমেদের মুদি দোকান ও ফরিদ ডাক্তারের ঔষধের দোকান কিছু অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।
সর্বস্ব হারিয়ে আদর্শ ফার্মেসির মালিক টুটুল চন্দ্র শীল বলেন, আমরা দুই ভাই বহু কষ্টের উপার্জনে এই ফার্মেসিটি দাঁড় করিয়েছিলাম। আগুনে আজ আমাদের একেবারে পথে বসিয়ে দিয়ে গেছে। ফার্মেসির প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ওষুধ ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
একই ঘটনায় ‘শহীদ সু স্টোর’ এর স্বত্বাধিকারী বলেন, ঘটনার সময় তিনি কাজে ঢাকায় অবস্থান করছিলেন। দোকান বন্ধ থাকলেও অগ্নিকাণ্ডে তার ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া মো. মনিরের মুদি দোকান ৫ লাখ ও মাইনউদ্দিনের মুদি দোকানের প্রায় ৫ লাখ টাকা করে মালামাল ভস্মীভূত হয়েছে বলে তারা দাবি করেছেন।



