যুবদলের র্যালিতে খালেদা জিয়ার সাজে তিন শিশু, লাঠি হাতে চমক দেখালো ৫ বছরের আজমাইন
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দায় আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে ভিন্ন মাত্রা যোগ করেছে তিন শিশু।
বুধবার (২৮ অক্টোবর) সকালে কলমাকান্দা উপজেলা যুবদলের উদ্যোগে উপজেলা সদরে আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলার আটটি ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা অংশ নেন।
র্যালিতে নজর কাড়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাজে সজ্জিত তিন শিশু। তারা র্যালির সামনের সারিতে ছিল। তাদের মধ্যে অহনা আক্তার বলে, “আমি খালেদা জিয়ার সাজ সেজেছি। তাঁর মতো সাজতে পেরে আমার খুব ভালো লাগছে। আজ এখানে অনেক মানুষ এসেছে। সবাই আমাদের ছবি তুলেছে। এটা দেখে আমার আরও ভালো লেগেছে।”
একই র্যালিতে ঐতিহ্যবাহী লাঠিয়াল বাহিনীর সঙ্গে লাঠিখেলা প্রদর্শন করে সবার নজর কেড়েছে পাঁচ বছরের শিশু আজমাইন। অল্প বয়সেই লাঠি ঘোরানোর কৌশলে তার দক্ষতা উপস্থিত সবার মাঝে আগ্রহ তৈরি করে।
শিশু আজমাইন বলে, “দাদাকে দেখে লাঠিখেলা শিখছি। লাঠিখেলা করতে আমার খুব ভালো লাগে। আজ এই বড় র্যালিতে সবার সামনে খেলা দেখাতে পেরে আমি অনেক খুশি।”
শিশুদের ব্যতিক্রমী এই অংশগ্রহণে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন হয়ে ওঠে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত।




