সারাদেশ

চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২, আহত ৪

কক্সবাজার প্রতিনিধি,

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় ছয় মাস বয়সী এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় নারী ও শিশুসহ আহত হয়েছেন আরও চারজন। রোববার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার হারবাং স্টেশন ও উত্তর হারবাং পেট্রোল পাম্প এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে হারবাং স্টেশনে চকরিয়া থেকে উত্তর হারবাংগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা সেনাবাহিনীর একটি ডাবল কেবিন পিকআপের সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। সেনাবাহিনীর সদস্যরা দ্রুত আহত ব্যক্তিদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক ছয় মাস বয়সী শিশু আরহামকে মৃত ঘোষণা করেন।

নিহত আরহাম উত্তর হারবাংয়ের গয়ালমারা এলাকার বোরহান উদ্দিনের ছেলে। এ দুর্ঘটনায় শিশুটির মা ফাহমিদা ইয়াসমিন লাকি (২৩), তাঁর বড় বোন উর্মী আক্তার, বোরহানের তিন বছর বয়সী মেয়ে আরিশা জান্নাত এবং অটোরিকশাচালক জাফর আলম গুরুতর আহত হন। জাফর আলম হারবাংয়ের মহাজনপাড়া এলাকার বাসিন্দা। আহত ব্যক্তিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদিকে, একই মহাসড়কের উত্তর হারবাং পেট্রোল পাম্প এলাকায় পৃথক দুর্ঘটনায় মাহবুবুর রহমান (৬২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকার আবুল খায়েরের ছেলে।

নিহতের ছেলে আবদুল আজিজ জানান, তাঁর বাবা সৌদি আরবপ্রবাসী ছিলেন। তিন মাস আগে দেশে ফেরেন। প্রতিদিনের মতো সকালে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। চকরিয়ায় এক বন্ধুর বাড়িতে যাওয়ার পথে উত্তর হারবাং এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি।

নিহতের ভাগিনা ও দৈনিক যুগান্তরের বান্দরবান দক্ষিণ প্রতিনিধি ইলিয়াস আরমান জানান, দুপুরে মহাসড়ক দিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় উত্তর হারবাং পেট্রোল পাম্পের কাছাকাছি পৌঁছালে কোনো একটি দ্রুতগতির যানবাহন তাঁর মামার মোটরসাইকেলকে ধাক্কা দেয় বলে ধারণা করা হচ্ছে। তবে দুর্ঘটনাটি কেউ সরাসরি দেখেননি। ফলে ঘাতক যানটি শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন।

চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ সার্জেন্ট জাকিবুল ইসলাম দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হারবাং স্টেশনে সেনাবাহিনীর ডাবল কেবিন পিকআপের সঙ্গে টমটমের সংঘর্ষে চালকসহ পাঁচজন আহত হন। তাঁদের মধ্যে ছয় মাস বয়সী শিশুটি মারা যায়। অন্য আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রামে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, একই সময়ে উত্তর হারবাং পেট্রোল পাম্প এলাকায় মহাসড়কের পাশে এক মোটরসাইকেল আরোহীকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,