নবীনগরে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির বিশাল র্যালি, স্মরণকালের জনসমুদ্র
মাজহারুল ইসলাম বাদল, বিশেষ প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে।
আজ রোববার (৮ নভেম্বর) সকাল ১১টায় নবীনগর উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। র্যালিটি পৌরসভার জল্লা পার্ক মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলিয়াবাদ গোল চত্বরে গিয়ে শেষ হয়।
এর আগে সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নৌকা, বাস, সিএনজি, অটোরিকশা ও পায়ে হেঁটে খণ্ড খণ্ড মিছিল নিয়ে র্যালিস্থলে জড়ো হতে থাকেন। ব্যানার-ফেস্টুনে সুসজ্জিত এই র্যালিতে হাজার হাজার নেতা-কর্মীর উপস্থিতি পুরো এলাকাকে জনসমুদ্রে পরিণত করে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা সন্তোষ প্রকাশ করে জানান, নবীনগরে বিএনপির ইতিহাসে এটি স্মরণকালের অন্যতম বৃহত্তম ও ঐতিহাসিক র্যালি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সামনের সারিতে থেকে র্যালির নেতৃত্ব দেন নবীনগর আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান।
পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, “জাতীয় ঐক্য রক্ষা, বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সর্বস্তরের জনগণকে একসূত্রে গাঁথা থাকতে হবে।” তিনি দলীয় সকল স্তরের নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।





