ডেন্টিষ্ট ডাক্তার রনিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
মোঃ সোহেল রানা:
সম্প্রতি ফরিদগঞ্জে দাঁতের চিকিৎসা নিতে গিয়ে এক নারীকে শ্লীলতাহানির অভিযোগসংক্রান্ত সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। প্রকাশিত সংবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী, রূপসা উত্তর ইউনিয়নের একজন দায়িত্বশীল নেতার নাম ও সাংগঠনিক পরিচয় উল্লেখ করায় ফরিদগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানানো হচ্ছে।
ফরিদগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হচ্ছে, কোনো অভিযোগের সত্যতা যথাযথভাবে যাচাই না করে ব্যক্তি বা সংগঠন সম্পর্কে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়—এমন সংবাদ প্রকাশ করা অনভিপ্রেত। গণমাধ্যমের দায়িত্ব হলো নিরপেক্ষতা বজায় রাখা, সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য গ্রহণ করা এবং বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশন করা।
আমাদের আশঙ্কা, রাজনৈতিক প্রতিহিংসা বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়ে থাকলে তা একটি রাজনৈতিক সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হিসেবে বিবেচিত হতে পারে। একটি পক্ষ বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করে আসছেন। এবং অপ- প্রচারে লিপ্ত রয়েছেন। আমরা এ ধরনের প্রচারণার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
তবে আমরা স্পষ্টভাবে বলতে চাই, অভিযোগের প্রকৃত সত্য উদ্ঘাটনে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। অভিযোগকারী নারীর বক্তব্য, নিরাপত্তা এবং অভিযুক্ত ব্যক্তির বক্তব্য—সবকিছু যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনানুগ প্রক্রিয়ায় প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে হবে।
ফরিদগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হচ্ছে। একই সঙ্গে প্রকাশিত সংবাদে কোনো অসত্য, অসম্পূর্ণ বা বিভ্রান্তিকর তথ্য থাকলে তা সংশোধন করে প্রকৃত তথ্য প্রকাশের জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হচ্ছে।
আমরা বিশ্বাস করি, সত্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে কোনো পক্ষের প্রতি পক্ষপাত না করে দায়িত্বশীল ভূমিকা পালন করা সবার কর্তব্য। যথাযথ তদন্ত ও প্রমাণ ছাড়া কোনো ব্যক্তি বা সংগঠনকে দোষী সাব্যস্ত করা উচিত নয়।
প্রতিবাদকারী
মোঃ সাখাওয়াত হোসেন
সেক্রেটারি
বাংলাদেশ জামায়াতে ইসলামী
ফরিদগঞ্জ উপজেলা, চাঁদপুর।




