লক্ষীছড়িতে প্রবাসী দিবস: র্যালি ও আলোচনায় উঠল নিরাপদ অভিবাসনের ডাক
মোহাম্মদ রানা, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:
আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। “প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার; বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মসূচি শুরু হয় সকাল ৯টায় উপজেলা কার্যালয় প্রাঙ্গণ থেকে।
সরাসরি র্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, যুব সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালির পর উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাউছার হামিদ সভার সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. শফিউল ইসলাম, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আক্তার হোসেন, লক্ষীছড়ি প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা এবং দুল্যাতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ত্রিলান চাকমা।
বক্তারা প্রবাসীদের নিরাপদ অভিবাসন, তাদের অধিকার সংরক্ষণ এবং দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান যথাযথ স্বীকৃতি দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
এছাড়া বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা ও প্রবাসীদের প্রতি সচেতনতা বৃদ্ধির জন্য সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে তারা উল্লেখ করেন।





