সিরাজগঞ্জে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দিলেন প্রতিমন্ত্রী ডা. এম এ মুহি
ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে শিগগিরই দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, ডাক, টেলিযোগাযোগ ও বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। তিনি বলেন, নির্বাচনী ইশতেহারে স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। বাজেট বৃদ্ধির পাশাপাশি তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এসব স্বাস্থ্যকর্মীকে উন্নত প্রশিক্ষণ প্রদান করা হবে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, সিরাজগঞ্জ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, স্বাস্থ্যকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ওষুধপত্র সরবরাহ নিশ্চিত করা হবে এবং স্বাস্থ্যকর্মীরা নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকছেন কি না, তা কঠোরভাবে মনিটরিং করা হবে।
তিনি আরও বলেন, প্রত্যেক চিকিৎসককে নিয়মিত অফিসে উপস্থিত থেকে রোগী দেখতে হবে। একইসঙ্গে সাধারণ নাগরিকদেরও হাসপাতালকে নিজের প্রতিষ্ঠান মনে করে যে কোনো অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করার আহ্বান জানান। মহাসড়কের পাশে নির্মিত ট্রমা সেন্টার দ্রুত চালুর আশ্বাসও দেন প্রতিমন্ত্রী।
এর আগে তিনি জেলা প্রশাসক কার্যালয়ে জেলায় কর্মরত স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম, পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, সিভিল সার্জন ডা. নুরুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) শাহাদাত হুসেইন, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শিমুল তালুকদার, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, জেলা জাতীয়তাবাদী যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলআমীন খান, জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজসহ স্বাস্থ্য বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা।





