ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান: তারাগঞ্জে যুবকের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড
জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জ উপজেলায় ভেটেরিনারি কর্মকর্তার অনুমতি ছাড়া জবাই নিষিদ্ধ গর্ভবতী পশু জবাই ও মাংস বিক্রির দায়ে এক যুবককে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে উপজেলার কুর্শা ইউনিয়নের তারাগঞ্জ বাজারের গোহাটিতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘন করে বিধি বহির্ভূতভাবে গর্ভবতী পশু জবাই করে বিক্রির অভিযোগে মোঃ আক্তারুল ইসলাম (২২), পিতা: মোঃ দেলোয়ার হোসেন, গ্রাম: পাকাধারা, হাজারীহাট, সৈয়দপুর, জেলা: নীলফামারীকে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোনাববর হোসেন। অভিযানের সময় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রশাসন জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ মাংস নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট সকলকে জবাই নিষিদ্ধ পশু জবাই থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, রংপুর জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদার করা হয়েছে। বাংলাদেশ সরকারের নির্দেশনায় অবৈধ পশু জবাই প্রতিরোধে প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে।




