উল্লাপাড়ায় দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত
ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের কাশিনাথপুর ও রশিদপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে শাহ আলম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি রশিদপুর গ্রামের চাঁদ আলীর ছেলে। বৃহস্পতিবার রাতের সংঘর্ষে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কাশিনাথপুর গ্রামের কয়েকজন যুবক দীর্ঘদিন ধরে রশিদপুর উত্তরপাড়া এলাকায় গিয়ে আড্ডা দিতেন এবং সেখানে মেয়েদের উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে রশিদপুর গ্রামের লোকজন একাধিকবার তাদের সতর্ক করেন। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
এর জেরে বৃহস্পতিবার রাতে কাশিনাথপুর গ্রামের কয়েকজন যুবক রশিদপুর উত্তরপাড়া এলাকায় গিয়ে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ ওঠে। হামলার ঘটনায় দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে রশিদপুর গ্রামের কয়েকজন আহত হন। গুরুতর আহত শাহ আলমকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে।
এ বিষয়ে রায়গঞ্জ সার্কেলর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, ঘটনার বিষয়টি আমরা জেনেছি। এখনো কোনো পক্ষ মামলা করেনি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।





