রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ভোলা সদরে বাজার মনিটরিং অভিযান, জরিমানা ৩ হাজার টাকা
মোঃ রাফসান জানি, ভোলা
চলতি রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ভোলা সদরে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। রবিবার (০১ মার্চ) ভোলা সদরের নতুন বাজার, চক বাজার ও কিচেন মার্কেটে এ কার্যক্রম পরিচালিত হয়।
অভিযানকালে ভোগ্যপণ্যের মুদি দোকান, কাপড়ের দোকান, ফলের দোকানসহ কাঁচাবাজারে তদারকি করা হয়। এ সময় ব্যবসায়ীদের মূল্যতালিকা প্রদর্শন, ট্রেড লাইসেন্স ও মার্কেটিং লাইসেন্স গ্রহণ/নবায়ন এবং ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়ের বিষয়ে উৎসাহিত ও সতর্ক করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ওজনে কারচুপি ও মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ২ জন ব্যবসায়ীকে সর্বমোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ক্রেতাদের সুলভ মূল্যে ও সঠিক ওজনে পণ্য ক্রয়ের বিষয়ে সচেতন থাকার পরামর্শ প্রদান করা হয়। জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ন্যায্যমূল্য নিশ্চিতকরণে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।





