ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য ভেদ: প্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার ১
মাদারীপুর সদর উপজেলার দুর্গাবরদী গ্রামে মুখমণ্ডল বিকৃত অবস্থায় উদ্ধার হওয়া এক ব্যক্তির লাশের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করেছে পুলিশ। শুরুতে এটি ছিল সম্পূর্ণ ক্লুলেস হত্যাকাণ্ড। লাশের কোনো পরিচয় ছিল না, মুখমণ্ডলের চামড়া তুলে ফেলা হয়েছিল, ঘটনাস্থলেও ছিল না সুস্পষ্ট কোনো আলামত।
গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সদর উপজেলার দুধখালি ইউনিয়নের দুর্গাবরদী গ্রামের জয়নাল বেপারীর বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাতনামা ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরিচয় গোপন করতে মুখমণ্ডল বিকৃত করায় তদন্তের শুরুতেই বড় চ্যালেঞ্জের মুখে পড়ে আইনশৃঙ্খলা বাহিনী।
তবে তথ্য প্রযুক্তির ব্যবহার, মাঠপর্যায়ের গোয়েন্দা তৎপরতা এবং বিভিন্ন সূত্র বিশ্লেষণের মাধ্যমে শেষ পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়। নিহত ব্যক্তি সিরাজ সরদার (৫৬), দক্ষিণ বিরাঙ্গল, সদর থানা, মাদারীপুরের বাসিন্দা।
এ ঘটনায় ২৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মাদারীপুর সদর থানায় ৩০২/২০১/৩৪ ধারায় হত্যা মামলা দায়ের করা হয়। তদন্তের এক পর্যায়ে মো. বিলাল হোসেন সরদার (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এহতেশামুল হক জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার সঙ্গে আরও তিনজন জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ সুপার বলেন, ঘটনাটি ছিল সম্পূর্ণ ক্লুলেস। তদন্ত ও প্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই হত্যার রহস্য উদঘাটন করা সম্ভব হয়েছে।
এদিকে অন্য জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।





