ফ্রি চিকিৎসার টানে তারাগঞ্জে রোগীর ঢল, সপ্তাহেই দ্বিগুণ ভিড়
জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জ উপজেলায় দরিদ্র, দুস্থ ও সুবিধা বঞ্চিত মানুষের জন্য চালু হওয়া ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীর সংখ্যা উদ্বোধনের এক সপ্তাহের মধ্যেই প্রায় দ্বিগুণ বেড়েছে। বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাওয়ার সুযোগ থাকায় দূর-দূরান্তের মানুষও এখন এই ক্যাম্পে এসে স্বাস্থ্যসেবা নিচ্ছেন। ফলে প্রতি শুক্রবার ক্যাম্প প্রাঙ্গণে রোগীদের ভিড় চোখে পড়ার মতো হয়ে উঠেছে।
উল্লেখ্য গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে তারাগঞ্জ ও/এ কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। রংপুর–২ (তারাগঞ্জ–বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ক্যাম্পের কার্যক্রমের সূচনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবী, শিক্ষাবিদ, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে এখনও অনেক মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। বিশেষ করে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের পক্ষে নিয়মিত চিকিৎসা নেওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে তারাগঞ্জে এই ফ্রি মেডিকেল ক্যাম্প চালু করা হয়েছে, যাতে সাধারণ মানুষ সহজেই চিকিৎসা সেবা পেতে পারেন।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রতি শুক্রবার নির্ধারিত সময়ে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। রোগ নির্ণয়ের পর প্রয়োজন অনুযায়ী ওষুধ বিনামূল্যে প্রদান করা হচ্ছে। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শও দেওয়া হচ্ছে। বিশেষ করে জ্বর, সর্দি-কাশি, গ্যাস্ট্রিক, ত্বকের রোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন সাধারণ রোগের চিকিৎসা এখানে দেওয়া হচ্ছে।
শুক্রবার (৬ মার্চ) সরেজমিনে ক্যাম্প পরিদর্শনে গিয়ে দেখা যায়, সকাল থেকেই চিকিৎসা নিতে আসা মানুষের দীর্ঘ সারি। নারী, পুরুষ, বৃদ্ধ ও শিশু—সব বয়সী রোগীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেকেই দূরবর্তী গ্রাম থেকেও চিকিৎসা নিতে এসেছেন।
আয়োজকদের একজন জানান, উদ্বোধনের প্রথম দিন তুলনামূলক কম সংখ্যক রোগী এলেও এক সপ্তাহের ব্যবধানে রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গেছে। মানুষের মধ্যে এ সেবার ব্যাপারে সচেতনতা বাড়ার পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাওয়ার সুযোগ থাকায় আগ্রহও বাড়ছে। তবে রোগীর সংখ্যা বাড়লেও চিকিৎসা ও ওষুধ সরবরাহে কোনো ঘাটতি হবে না বলেও তারা আশ্বস্ত করেছেন।
চিকিৎসা নিতে আসা ঘনিরামপুর এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক বলেন, “আমাদের এমপি এটিএম আজহারুল ইসলাম এই ফ্রি মেডিকেল ক্যাম্প চালু করে গরিব মানুষের অনেক উপকার করেছেন। এখানে আমরা বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাচ্ছি। আগে ছোটখাটো অসুখ হলেও শহরে যেতে হতো, এখন এখানে এসে সহজেই চিকিৎসা নিতে পারছি।”
স্থানীয় অনেকেই মনে করছেন, এ ধরনের উদ্যোগ গ্রামীণ জনগোষ্ঠীর জন্য অত্যন্ত ইতিবাচক ও মানবিক পদক্ষেপ। নিয়মিত এ কার্যক্রম চালু থাকলে দরিদ্র মানুষের চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ আরও বৃদ্ধি পাবে এবং এলাকার স্বাস্থ্যসেবার মানও উন্নত হবে।
আয়োজকরা জানান, ভবিষ্যতে এই মেডিকেল ক্যাম্পের কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসক যুক্ত করা, স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম চালু করা এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থাও করার উদ্যোগ নেওয়া হবে।
স্থানীয়দের আশা, এই ফ্রি মেডিকেল ক্যাম্পের ধারাবাহিকতা বজায় থাকলে তারাগঞ্জ উপজেলার অসহায় ও দরিদ্র মানুষের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবার কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।




