জাতীয় রিপোর্টার্স ক্লাব মাদারীপুর জেলার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
জাতীয় রিপোর্টার্স ক্লাব, মাদারীপুর জেলা শাখার উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ ২০২৬) সন্ধ্যায় মাদারীপুর শহরের লেক ভিউ সড়কের ওয়াচ টাওয়ার সংলগ্ন ডিলিসিয়াস রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত হয়ে পারস্পরিক মতবিনিময় করেন এবং রমজানের পবিত্রতা ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ (রাজৈর) আসনের মাননীয় সংসদ সদস্য জাহান্দার আলী জাহান মিয়া। তিনি তার বক্তব্যে সাংবাদিকদের সমাজের দর্পণ হিসেবে উল্লেখ করে বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীকভাবে সংবাদ প্রকাশের মাধ্যমে সাংবাদিকরা সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করার আহ্বান জানান এবং জাতীয় রিপোর্টার্স ক্লাবের এ ধরনের আয়োজনকে স্বাগত জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় রিপোর্টার্স ক্লাব মাদারীপুর জেলা শাখার সভাপতি তাজুল মাতুব্বর। ইফতার মাহফিল পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান এবং সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির।
এ সময় উপস্থিত সাংবাদিকরা বলেন, পবিত্র মাহে রমজান মানুষের মধ্যে সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং পেশাগত ঐক্য ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ভবিষ্যতেও সাংবাদিকদের কল্যাণে জাতীয় রিপোর্টার্স ক্লাবের কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন।
ইফতার মাহফিলে জাতীয় রিপোর্টার্স ক্লাব মাদারীপুর জেলা শাখার সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।





