বেনাপোলের কায়বা সীমান্তে বিজিবির অভিযানে জাল টাকা ও ক্রিস্টাল মেথ আইস আটক
বেনাপোল প্রতিনিধি:
সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে অভিযান চালিয়ে জাল টাকা ও ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বিজিবি। পৃথক দুই অভিযানে জাল নোট, ক্রিস্টাল মেথ আইস এবং একটি বাইসাইকেল জব্দ করা হয়েছে।
খুলনা ২১ বিজিবি এর অধীনস্থ কায়বা বিওপির সদস্যরা ৮ মার্চ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ৫০০ টাকার ৮৬টি জাল নোট (মোট ৪৩ হাজার টাকা)সহ একজন আসামিকে আটক করে।
এদিকে ৯ মার্চ একই বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পরিচালিত আরেক অভিযানে ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং একটি বাইসাইকেল উদ্ধার করা হয়।
খুলনা ২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদকসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





