সদরপুরে বাল্যবিয়ে ও মাদকসহ সামাজিক অপরাধ দমনে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত
ফরিদপুরের সদরপুরে বাল্যবিয়ে, মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া, আত্মহত্যা ও চাঁদাবাজি প্রতিরোধের লক্ষ্যে এক বিশাল জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ এপ্রিল (শনিবার) সদরপুর ষ্টেডিয়াম মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল। তিনি তার বক্তব্যে বলেন, “একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়তে হলে আমাদের সন্তানদের মাদক ও অনলাইন জুয়ার মতো মরণব্যাধি থেকে দূরে রাখতে হবে। বাল্যবিয়ে ও ইভটিজিংয়ের বিরুদ্ধে পাড়ায় পাড়ায় প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন শাহ্ -এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল ইসলাম মোল্যা এবং জেলা পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম।
বক্তারা বলেন, বর্তমান সময়ে অনলাইন জুয়া এবং মাদক যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এর ফলে বাড়ছে আত্মহত্যা ও চাঁদাবাজির মতো অপরাধ। এসব সামাজিক ব্যাধি নির্মূলে কেবল আইন প্রয়োগ নয়, বরং অভিভাবক ও সাধারণ মানুষের সচেতনতা সবচেয়ে বেশি জরুরি।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মোঃ রেজওয়ান
উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন, সহকারী কমিশনার ভূমি রিফাত আনজুম পিয়া, সদরপুর সরকারি কলেজের অধ্যাপক শাহ মোহাম্মাদ ইকবাল হুসাইন, উপজেলা বিএনপির আহবায়ক কাজী বতরুজ্জামান বদু সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত শিক্ষার্থীরা সামাজিক অপরাধের বিরুদ্ধে শপথ গ্রহণ করেন এবং বক্তারা অপরাধমুক্ত সদরপুর গড়তে সবার সহযোগিতা কামনা করেন।





