শাহরাস্তিতে প্রবাসীর বিরুদ্ধে বানোয়াট তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত একটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার প্রবাসী ব্যবসায়ী আলাউদ্দিন।
সোমবার (৪ মে) বিকেলে শাহরাস্তি প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে অভিযোগ করেন, একটি ফেসবুক পেইজ থেকে তার বিরুদ্ধে ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ প্রকাশ করে তার ও তার পরিবারের সম্মানহানি করা হয়েছে।
তিনি জানান, গত ৩ মে ২০২৬ তারিখে একটি ফেসবুক পেইজে “ইতালিতে কিশোরী ধর্ষণ, ১৪ বছরের দণ্ডপ্রাপ্ত বাংলাদেশিকে খুঁজছে পুলিশ” শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। উক্ত সংবাদের সঙ্গে তার নাম জড়িয়ে অপপ্রচার চালানো হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।
আলাউদ্দিন বলেন, তিনি দীর্ঘদিন ধরে ইতালিতে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন। প্রায় এক বছর আগে তার ব্যবসা প্রতিষ্ঠানে কাজের জন্য পাশের বাড়ির বাচ্চু মিয়ার ছেলে সুমন আহমদকে ইতালিতে নিয়ে যান। পরবর্তীতে কর্মচারী হিসেবে দায়িত্ব পালনকালে সুমনের সঙ্গে তার পরিবারের ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে সুমনের বিরুদ্ধে তার বড় ভাইয়ের স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ ওঠে।
তিনি আরও জানান, বিষয়টি জানার পর সুমনকে সতর্ক করা হলে সে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে প্রায় ৩৪ হাজার ইউরো নিয়ে আত্মগোপনে চলে যায়। একই সঙ্গে সংশ্লিষ্ট নারীও তার সঙ্গে চলে যান। বর্তমানে ইতালির আইনশৃঙ্খলা বাহিনী তাদের খুঁজছে বলে তিনি দাবি করেন।
আলাউদ্দিন অভিযোগ করেন, ঘটনার পর তিনি ও তার বড় ভাই দেশে ফিরে আসলে গত ২৩ এপ্রিল রাতে সুমনের পিতা ও ভাইসহ অজ্ঞাত কয়েকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তার বড় ভাই গুরুতর আহত হন এবং হাসপাতালে ভর্তি করা হলে তার হাতে একাধিক সেলাই দিতে হয়।
তিনি বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে বিষয়টি বিচারাধীন রয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, এসব ঘটনা আড়াল করতেই একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করছে। তিনি এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।





