চাঁদপুরের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী : ঢাকা – চট্টগ্রাম মহাসড়কে সংবর্ধনা জানালো নারায়ণগঞ্জ বিএনপি
নারায়ণগঞ্জ প্রতিনিধি :
প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরের উদ্দেশ্য যাত্রা শুরু করে সকাল ৯টায়। এসময় গুলশানের বাসা থেকে বের হয়ে মেয়র হানিফ ফ্লাইওভার হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ দিয়ে চাঁদপুর অভিমুখে যাত্রা করেন। সাড়ে নয়টায় তার গাড়ি বহর ঢাকা – চট্টগ্রাম মহসড়কের শিমরাইল অতিক্রম করে।
প্রধানমন্ত্রীর এই যাত্রাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা সকাল থেকে মহাসড়কে অবস্থান নেয়। প্রিয় নেতাকে দেখতেই তাদের এই অবস্থান। নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে সোনারগাঁওয়ের মেঘনা টোলপ্লাজা পর্যন্ত ১৯ কিঃ মিঃ সড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এসময় সিদ্ধিরগঞ্জে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম-আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, জি এম সুমন মুন্সীসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
সফরের শুরুতে বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে একটি পথসভায় অংশ নেবেন তিনি। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খালের পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করবেন। পরে বেলা পৌনে ২ টায় চাঁদপুর সদর উপজেলার কুমারডুগি-ঘোষেরহাট এলাকায় বিশ্বখাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন। বিকেল সাড়ে ৩টার দিকে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এছাড়া বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন তিনি। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় পুনরায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।





