মাদককে না বলার বার্তা ছড়িয়ে দিতে বারাকান্দিতে প্রীতি ফুটবল ম্যাচ, মাঠে বিবাহিত বনাম অবিবাহিত একাদশ
ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখতে এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ সমাজ গঠনের প্রত্যয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বারাকান্দি গ্রামে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ। ম্যাচে অংশ নেয় বিবাহিত একাদশ ও অবিবাহিত একাদশ।
বারাকান্দি যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই প্রীতি ফুটবল ম্যাচে পৃষ্ঠপোষকতা করেন ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক মোঃ ইব্রাহিম মোল্লা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বার জুলমাত শেখ এবং সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ স্বপন শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর উদ্যোগ ও অনুপ্রেরণায় এই আয়োজন বাস্তবায়ন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক থেকে দূরে রেখে সামাজিক সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধি করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।
বক্তারা বলেন, “মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। তরুণদের খেলাধুলা, সংস্কৃতি ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলে মাদকের বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।”
খেলাকে ঘিরে স্থানীয় মানুষের ব্যাপক উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ। এমন মানবিক ও সচেতনতামূলক আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান উপস্থিত অতিথিরা।
মাদককে না বলে খেলাধুলাকে হ্যাঁ-এই বার্তাই ছড়িয়ে দিয়েছে বারাকান্দির এই ব্যতিক্রমী প্রীতি ফুটবল ম্যাচ।





