মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি, সিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের ব্যতিক্রমী মাদকবিরোধী সমাবেশ
ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
“মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি”-এই প্রত্যয়কে সামনে রেখে শুক্রবার (২৬ জুন) বিকেল ৪টায় সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে এক ব্যতিক্রমী মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করে সচেতন, সুস্থ ও সুন্দর প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ সমাবেশে সার্বিক সহযোগিতা করেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং আব্দুস সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী মো. আব্দুস সাত্তার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিক কুমার সাহা । সঞ্চালনা করেন গানধাইল আইডিয়াল ডিগ্রি কলেজের প্রফেসর মাসুদ রানা।
স্বাগত বক্তব্য দেন হাজী কোরাবালি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মুকতেল হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি খ. ম. রকিবুল হাসান রতন, কমিউনিস্ট পার্টির মো. ইসমাইল হোসেন, বিশিষ্ট নাট্যকার ও লেখক মো. শরিফুল ইসলাম, ধানবন্ধি গ্রামের প্রবীণ মুরব্বী আজাহার আলী মণ্ডল এবং জহুরুল ইসলাম মণ্ডল।
প্রধান আলোচক হিসেবে বক্তব্যে হাজী মো. আব্দুস সাত্তার বলেন, মাদক একটি নীরব ঘাতক। এটি শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার, একটি সমাজ এবং পুরো জাতির ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। আমাদের যুব সমাজকে রক্ষা করতে হলে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, ধর্মীয় প্রতিষ্ঠান এবং প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে। আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা সৃষ্টি ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করাও অত্যন্ত জরুরি। আসুন, আমরা সবাই মাদককে ‘না’ বলি এবং একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলি।
তিনি আরো বলেন, মাদকাসক্তি বর্তমানে দেশের অন্যতম বড় সামাজিক সংকট। মাদকের বিস্তারের ফলে পারিবারিক বন্ধন দুর্বল হচ্ছে, অপরাধ বাড়ছে এবং তরুণ সমাজ বিপথগামী হচ্ছে। তাই খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করার মাধ্যমে তাদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে হবে।
সমাবেশে অংশগ্রহণকারীরা নিজেকে ভালোবাসুন, পরিবারকে ভালোবাসুন, মাদকমুক্ত সমাজ গড়ুন” এবং “মাদক ছাড়ি, সুস্থ জীবন গড়ি, স্বপ্ন দেখি সুন্দর ভবিষ্যতের”-এসব স্লোগানে মুখরিত করে তোলেন পুরো অনুষ্ঠানস্থল। তারা সমাজ থেকে মাদক নির্মূলে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানের একটি ব্যতিক্রমী আয়োজন ছিল পরিবেশ সংরক্ষণের বার্তা। সমাবেশ শেষে সিরাজগঞ্জ শহরকে একটি পরিচ্ছন্ন ও সবুজ (গ্রীন সিটি) হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়। আয়োজকদের মতে, মাদকমুক্ত সমাজ গঠনের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণও সমানভাবে গুরুত্বপূর্ণ।
সমাবেশে নারীদের স্বতঃস্ফূর্ত ও উল্লেখযোগ্য উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে। বক্তারা আশা প্রকাশ করেন, সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগে মাদকের বিরুদ্ধে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে উঠবে এবং আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ, নিরাপদ ও আলোকিত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।





