বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে আমানতকারীদের স্মারকলিপি ও বিক্ষোভ মিছিল
চট্টগ্রাম ব্যুরো
শরিয়াহ ভিত্তিক ইসলামী ব্যাংকসমূহের আমানত সুরক্ষা ও গ্রাহকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আজ চট্টগ্রামে এক বিশাল বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। সম্মেলিত পাঁচ ইসলামিক ব্যাংক ডিপোজিটরস অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
২৯ জুন সোমবার, সকাল থেকে চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে সমবেত হতে থাকেন ভুক্তভোগী আমানতকারীরা। সেখান থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের অভিমুখে রওনা হয়। মিছিল শেষে আমানতকারীরা বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
বিক্ষোভ চলাকালীন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের প্রধানের সাথে এক জরুরি বৈঠক ও আলাপ-আলোচনায় বসেন। আলোচনা সভায় আমানতকারীদের পক্ষ থেকে প্রধানত ৩টি দাবি তুলে ধরা হয়:
১. গ্রাহকদের ওপর আরোপিত অবৈধ ‘হেয়ার কাট’ (টাকা কর্তন) অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে।
২. ব্যাংকিং লেনদেন দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে।
৩. ব্যাংকে রক্ষিত গ্রাহকদের আমানতের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের প্রধান অত্যন্ত আন্তরিকতার সাথে আমানতকারীদের বক্তব্য শোনেন। তিনি আমানতকারীদের দাবি-সম্বলিত স্মারকলিপিটি গ্রহণ করেন এবং আশ্বস্ত করেন যে, এই স্মারকলিপিটি দ্রুততম সময়ের মধ্যে ঢাকায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর পাঠানো হবে। একই সাথে উদ্ভূত সমস্যা সমাধানে তিনি ইতিবাচক সুপারিশ করবেন বলেও প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন।
বাংলাদেশ ব্যাংক কার্যালয় থেকে বের হয়ে প্রতিনিধি দল পুনরায় নিউ মার্কেট মোড় পর্যন্ত একটি মিছিল নিয়ে আসে এবং সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব মু. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি জনাব মঞ্জুরুল ইসলাম, অর্থ সম্পাদক জনাব আলাউদ্দিন আজাদ এবং সহ-সভাপতি শারমিন আক্তার।
বক্তারা উপস্থিত আমানতকারীদের ধন্যবাদ জানান এবং সংবাদমাধ্যমের উদ্দেশ্যে বলেন:
আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের দাবি জানিয়েছি। তবে আগামীতে যদি আমাদের এই ন্যায্য দাবির পক্ষে কোনো ইতিবাচক ও ভালো ফলাফল না আসে, তবে পরবর্তীতে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।”
সমাবেশ শেষে অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব মু. আবুল কালাম আজাদের সমাপনী বক্তব্যের মাধ্যমে আজকের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।




