পলাশবাড়ীতে বিএনপি জামায়াতের পাল্টাপাল্টি কর্মসূচি স্থগিত
বায়েজিদ পলাশবাড়ী (গাইবান্ধা) :
২৯ জুন রাতে জামায়াত বিএনপির নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় উপজেলা বিএনপির সভাপতিসহ উভয় দলের ৭ জন আহত করার ঘটনার প্রতিবাদে গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহর ডাকা আজ ১ জুলাই ২০২৬ ইং এর পূর্বঘোষিত কর্মসূচী প্রত্যাহার করায় দল দুটির কর্মসূচীটি স্থগিত হয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে এরআগে ৩০ জুন বিকেলে উভয় দলের পক্ষ থেকে স্থানীয় চৌমাথা মোড়ে একই সময়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আহবান করা হয়।
এদিকে যে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ৩০ জুন বিকেল ৪ টা থেকে রাত ১১ পর্যন্ত পলাশবাড়ী চৌমাথা ও এর আশপাশের ৫০০ গজের মধ্যে সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ ঘোষণা করে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।ফলে ৩০ জুন পলাশবাড়ীতে অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা ঘটেনি।
৩০ জুন রাতে বাংলাদেশ জামায়াত ইসলামি পলাশবাড়ী উপজেলা শাখার পক্ষ থেকে ১ লা জুলাই বিকেলে কর্মসূচি ঘোষণা করা হলে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ও একই স্থানে কর্মসূচি ঘোষনা করা হয়।ফলে উভয় দলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।
স্থানীয় প্রশাসন উভয় দলের নীতিনির্ধারকদের শান্তি শৃঙ্খলা এবং জনগনের জানমালের নিরাপত্তা রক্ষার স্বার্থে কর্মসূচি প্রত্যাহারের দাবি জানালে পলাশবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ ও পলাশবাড়ী উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন স্বাক্ষরিত পৃথক পত্রে তাদের স্ব স্ব কর্মসূচি প্রত্যাহার ঘোষণা করেছেন।
উভয় দলের পাল্টাপাল্টি কর্মসূচি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ। এদিকে উভয় দল তাদের কর্মসূচি প্রত্যাহার করায় প্রশাসনের পক্ষ থেকে বিএনপি জামায়াত ইসলামীর নেতাকর্মীদের সাধুবাদ জানানো হয়





