ভাঙ্গায় দুই গ্রামের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে সুমন মুন্সি (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত সুমন মুন্সি ভাঙ্গা উপজেলার কাপুড়িয়া সদরদী গ্রামের মিলন মুন্সির ছেলে। পরিবারের সদস্যরা জানান, সংঘর্ষে গুলিবিদ্ধ হওয়ার পর তাকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বর্তমানে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাপুড়িয়া সদরদী ও হাসামদিয়া গ্রামের কয়েকজন যুবকের মধ্যে পূর্ব শত্রুতার জেরে প্রথমে হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালে বাসস্ট্যান্ড এলাকায় অন্তত ১০টি দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ সদস্য, সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।





