পঞ্চগড়ে ওয়ারেন্টভুক্ত আসামি হয়েও থানার নতুন ভবন নির্মাণে ঠিকাদারি করছেন হান্নান শেখ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড় সদর থানার একটি হত্যা চেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হয়েও সদর থানার নতুন ভবন নির্মাণকাজে ঠিকাদারি করছেন আব্দুল হান্নান শেখ। আদালতের শর্ত অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলেও তিনি প্রকাশ্যে ঠিকাদারি কার্যক্রম পরিচালনা করছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
পঞ্চগড় জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আব্দুল হান্নান শেখ পঞ্চগড় শহরের বাসিন্দা। পেশায় একজন ব্যবসায়ী এবং ঠিকাদার। তিনি পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যানও ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, পঞ্চগড় সদর থানায় দায়ের হওয়া একটি হত্যা চেষ্টা মামলায় অভিযুক্ত হান্নান শেখ গত ৪ মে উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পান। আদালতের নির্দেশনা ছিল নির্ধারিত সময়ের মধ্যেই তাকে পঞ্চগড়ের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে নিয়মিত জামিনের আবেদন করতে হবে। পাশাপাশি তদন্তে সহযোগিতা করা এবং কোনো সাক্ষীকে ভয়ভীতি বা প্রভাবিত না করার নির্দেশও দেওয়া হয়।
উচ্চ আদালতের আদেশের অনুলিপি গত ৩ জুন পঞ্চগড়ের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৌঁছায়। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগাম জামিনের মেয়াদ শেষ হলেও হান্নান শেখ নিম্ন আদালতে আত্মসমর্পণ করেননি। ফলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর রয়েছে বলে দাবি মামলার বাদীপক্ষের।
স্থানীয়দের অভিযোগ, তিনি প্রকাশ্যে চলাফেরা করছেন। সামলাচ্ছেন তার কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান এবং ঠিকাদারিও। চলমান সরকারি অসংখ্য প্রকল্পের ঠিকাদার তিনি। শুধু তাই নয়, পঞ্চগড় সদর থানার নির্মাণাধীন নতুন ভবনের ঠিকাদার হিসেবে নিয়মিত কাজ তদারকি করছেন। এরপরও পুলিশের ধরাছোঁয়ার বাইরে থাকছেন।
মামলার বাদী বলেন, উচ্চ আদালত শর্তসাপেক্ষে আগাম জামিন দিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তিনি আত্মসমর্পণ করেননি। এরপরও তিনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, ঠিকাদারি করছেন। আদালতের নির্দেশনা বাস্তবায়ন না হওয়ায় আমরা হতাশ। আইনের দৃষ্টিতে সবাই সমান হওয়া উচিত।
এ বিষয়ে জানতে চাইলে হান্নান শেখ বলেন, আমি এখনো জামিন হইনি। আমি বিনা জামিনে রয়েছি। জামিন হলে সেখানে স্বাক্ষর দিতে হয়। আমি কোনো স্বাক্ষর দেইনি।
নামে প্রকাশে অনিচ্ছুক পঞ্চগড় আদালতের এক আইনজীবী বলেছেন, আগাম জামিন স্থায়ী জামিন নয়। নির্ধারিত সময়ের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে নিয়মিত জামিনের আবেদন করা বাধ্যতামূলক। তা না করলে আদালতের দেওয়া অন্তর্বর্তীকালীন সুরক্ষা আর কার্যকর থাকে না এবং মামলার আইনগত অবস্থান অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের সুযোগ সৃষ্টি হয়।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, বিষয়টি উচ্চ আদালতের আদেশের কাগজপত্র যাচাই বাছাই প্রক্রিয়ায় রয়েছে।





